নতুন পরীক্ষায় ঢুকে পড়বে না তো দাগি প্রার্থীরা? কী বলছেন এসএসসি চেয়ারম্যান
রবিবারের এসএসসি পরীক্ষা কি কলঙ্কমুক্ত হবে? এই প্রশ্ন বারবার এড়িয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আগামী কালের পরীক্ষা নিয়ে হাজারো নিয়ম-কানুনের কথা বললেও, বারবার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এড়িয়ে গেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে বারবার একই প্রশ্ন উত্থাপন করা হলেও, এসএসসি (SSC) এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য দিতে পারেনি। সুপ্রিম কোর্ট বারবার এসএসসি-কে সতর্ক করেছে যে, একজনও যেন অযোগ্য প্রার্থী নতুন পরীক্ষায় বসতে না পারেন। এর পরিপ্রেক্ষিতে বারবার সতর্কবার্তা শোনা গিয়েছে।

শুধু এসএসসি-র তালিকায় থাকা 'দাগি'রাই নয়, যারা স্কুলে যোগ দেননি কিন্তু 'দাগি', এমন কাউকেও পরীক্ষায় বসতে নিষেধ করেছে সর্বোচ্চ আদালত। এই বিষয়ে সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্ট নির্দেশ দিয়েছে।
এর আগে গত সপ্তাহের শেষে শনিবার স্কুল সার্ভিস কমিশন ১৮০৬ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করে। তবে প্রশ্ন উঠেছে, তাদের কেউ আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে যায়নি তো? এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পরীক্ষার আগের দিনও এড়িয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, "এই ধরনের প্রশ্নের উত্তর ১৪ তারিখের আগে দেব না।" প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের বারবার সতর্কবাণী সত্ত্বেও, পরীক্ষার আগের দিন পর্যন্ত কেন এই প্রশ্নের উত্তরে স্কুল সার্ভিস কমিশন নিরুত্তর? এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছিল।
বিচারপতি বলেছিলেন, "এরা কোন নয়নের মণি, যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল!" এরপরও 'দাগি'-সংক্রান্ত প্রশ্নে কমিশন নিরুত্তর। এদিন সাংবাদিক বৈঠকে সিদ্ধার্থ মজুমদার জানান, এবার নকল করা বা নিয়ম বহির্ভূত কাজ আটকাতে প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে একাধিক সুরক্ষাকবচ থাকছে।
তিনি দাবি করেন, কেউ বেআইনিভাবে কিছু করার চেষ্টা করলে তা আধঘণ্টার মধ্যে ধরা পড়ে যাবে। প্রতিটি প্রশ্নপত্রের জন্য আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকছে। তবে কী কী নিরাপত্তা ফিচার, তা এসএসসি চেয়ারম্যান খোলসা করেননি।












Click it and Unblock the Notifications