RG Kar Hospital: আরজি কর কাণ্ডের বিচার চাই, আজ পথে নামছেন সৌরভ-ডোনা
আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বুধবার শহরের মিছিল করবেন সৌরভ গাঙ্গুলি। সঙ্গে থাকবেন ডোনা গাঙ্গুলি এবং তাঁর নাচের স্কুলের ছাত্রীরাও। সৌরভ গাঙ্গুলি কেন ময়দানে নেমে প্রতিবাদ করছেন না এই নিয়ে সরব হয়েছিলেন সেলিব্রিটিদের একাংশ। শ্রীলেখা মিত্ররা সৌরভ গাঙ্গুলিকে সুবিধাবাদী বলে নিশানাও করেছিল।
ডোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষামঞ্জরী এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বলে জানা গিয়েছে। কালো পোশাক পরে তাঁরা প্রতিবাদ মিছিল করবেন বলে জানা গিয়েছে। বুধবার সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে পদযাত্রা। বেহালার বীরেন রায় রোডে সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনেই হবে এই প্রতিবাদ মিছিল। জেমস লং সরণী হয়ে বেহালা ব্লাইন্ড স্কুলে শেষ হবে প্রতিবাদ যাত্রা। তারপরে আবার দীক্ষামঞ্জরীতে ফিরে আসবে এই প্রতিবাদ মিছিল।

সৌরভ গাঙ্গুলি প্রথম থেকে কেন প্রতিবাদের ময়দানে সামিল হননি তা নিয়ে টলি পাড়ার অনেক তারকাই সরব হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। ডোনা গাঙ্গুলি এবং তাঁর নাচের স্কুল বিভিন্ন সরকারি অনুষ্ঠানেরক অংশ হয়। কাজেই সরকার ঘনিষ্ঠ হওয়ার কারণেই সৌরভ গাঙ্গুলি প্রথম থেকে পথে নামেননি বলে অভিযোগ করেছিলেন টলিপাড়ার অনেকেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছিল। এমন কী সৌরভ গাঙ্গুলির রিয়েলিটি শো দাদাগিরি বয়কটের ডাকও উঠেছিল।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৪ অগাস্ট যখন গোটা রাজ্য রাত জাগার কর্মসূচিতে সামিল হয়েছিল তখন সৌরভ গাঙ্গুলা এবং ডোনা গাঙ্গুলিকে তেমন ভাবে দেখা যায়নি। তাই নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। যদিও দেরিতে হলেও সৌরভ গাঙ্গুলি এই ঘটনাকে ভয়ঙ্কর বলেই মন্তব্য করেছিলেন। এবং দোষীদের শাস্তির দাবিও জানিয়েছিলেন।
বুধবার শহরে প্রতিবাদ মিছিল করছেন তিনি। মূলত ডোনা গাঙ্গুলির স্কুলের নাম দিয়েই এই প্রতিবাদ মিছিলেন আয়োজন করা হয়েছে। সেই প্রতিবাদ মিছিল থেকে আরজি কর হাসপাতালে নির্যাতিতার শাস্তির দাবি জানাবেন তাঁরা। গত কয়েকদিন ধরেই আরজি কর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। প্রায় প্রতিদিনই শহর থেকে জেলা কোথাও না কোথাও প্রতিবাদ মিছিল চলছে। গতকাল পণ্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তীও রাস্তায় নেমেছিলেন। প্রায় প্রতিদিনই শিল্পী, তারকা থেকে সমাজকর্মী সকলেই পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন। আজও প্রতিবাদে সরগরম থাকবে গোটা রাজ্য।












Click it and Unblock the Notifications