মৌসম বিশ্বাসঘাতক! গনি-আবেগ উসকিয়ে তৃণমূলকে হারানোর ‘বেনজির’ চ্যালেঞ্জ সোমেনের
মৌসম বেনজির নুরকে বিশ্বাসঘাতক আখ্যা দিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, মৌসম দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
মৌসম বেনজির নুরকে বিশ্বাসঘাতক আখ্যা দিল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, মৌসম দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মৌসম দলকে বলেই যেতে পারতেন। কিন্তু ফোন করা সত্ত্বেও মিথ্যা কথা বলেছেন তিনি। স্কুল যাওয়ার নাম করে চলে গিয়েছেন সোজা নবান্নে। মালদহের মানুষ এই বিশ্বাস ঘাতকতাকে যোগ্য জবাব দেবেন।

মৌসম জিতবে না, চ্যালেঞ্জ দিলাম
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সোমেন মিত্র সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন মৌসমের দিকে। সোমেন বলেন, মৌসম নুর জিতে ফিরে আসবে না, চ্যালেঞ্জ দিলাম। আমরাই জিতব মালদহে। প্রার্থী হবেন গনি পরিবারের সদস্যই। মৌসমের দাদা সুজাপুরের বিধায়ক ইশা খান এবার প্রার্থী হবেন তাও স্পষ্ট করে দেয় কংগ্রেস।

গনিখান ছাড়া মৌসমের অস্তিত্ব নেই
এদিন প্রদেশ কংগ্রেস স্পষ্ট করে দিন, মৌসম মালদহ থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন গনি পরিবারের আবেগকে সামনে রেখে। গনিখানকে ভাঙিয়ে তাঁর জেতা। গনিখান ছাড়া মৌসমের কোনও অস্তিত্ব নেই। মালদহের মানুষ তা প্রমাণ করে দেবেন আসন্ন লোকসভা ভোটেই। গনিহীন-মৌসমের যে কোনও অস্তিত্ব নেই তা প্রমাণ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

মালদহের গড় রক্ষায় মরিয়া
উত্তরবঙ্গে কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদহ। সেই মালদহও এখন হাতছাড়া হতে বসেছে কংগ্রেসের। কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন মৌসম। তিনিই মিথ্যা কথা বলে, কংগ্রেসের সঙ্গে-মালদহের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গেলেন তৃণমূলে। সোমেন মিত্র বলেন, আমি নিজে ফোন করেছিলাম মৌসমকে, তা সত্ত্বেও মিথ্যার আশ্রয় নিলেন মৌসম।

মৌসমের মিথ্যাচারকে একহাত
সোমেন মিত্র বলেন, আমি ফোন করতে মৌসম বলেছিলেন, ছেলেদের নিয়ে স্কুলে যাচ্ছি, এসেই ফোন করছি। এরপরই তিনি সোজা নবান্নে এসে যোগ দিয়েছিলেন তৃণমূলে। যে তৃণমূল রাজ্যে বিজেপির পথ প্রশস্ত করছে, তাদের হাতই শক্ত করছে। তৃণমূল বিজেপিকে জেতার সুযোগ তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ সোমেন মিত্রের।

তৃণমূল বিজেপিকে উৎসাহ দিচ্ছে
একা সোমেন নন, মৌসম বেনজির নুর, তথা তৃণমূল কংগ্রেসকে একহাত রাজ্যের পর্যবেক্ষক গৌরব গগৈ। প্রদেশের কথা, তৃণমূল বিজেপির সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে। সোমেন বলেন, কী দরকার ছিল বিজেপির রথযাত্রার পরিবর্তে পবিত্র যাত্রা ঘোষণা করার। কী দরকার ছিল রাম মন্দিরের পরিবর্তে সূর্য মন্দির নির্মাণের কথা বলার। রাজ্যে তৃণমূলের পদক্ষেপ বিজেপিকে উৎসাহ দিচ্ছে।

মৌসমের বেনজির সিদ্ধান্তকে একহাত
গৌরব গগৈ বলেন, মৌসম বেনজির নুরের তৃণমূলে যাওয়া দুর্ভাগ্যজনক। তাতে কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। তিনি বলেন, মালদহের সব আসন কংগ্রেস জিতবে। বাংলায় কংগ্রেসকে ভাঙাচ্ছে তৃণমূল কংগ্রেস। মিথ্যা মামলা দিচ্ছে। তারপর এ রাজ্যে তৃণমূলের সঙ্গে চলা অসম্ভব। তাই রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে রাজ্যে একলা চলার ঘোষণা করে দিলেন গগৈ।












Click it and Unblock the Notifications