'এখানে টাকার খেলা হয়েছে', বিস্ফোরক শুভ্রাংশু! মুকুলের খোঁজে দিল্লি গেল পুলিশ
মুকুল রায় কি বিজেপি যোগ দিচ্ছেন! হঠাত বর্ষীয়ান এই বিজেপি নেতার দিল্লি যাত্রা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই দিল্লি গেল বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিজেপি নেতা পীযূষ কানোরিয়াকে।
সোমবার সন্ধ্যায় হঠাত করেই মুকুল রায়ের খোঁজ মিলছে না বলে অভিযোগ করেন মুকুল পুত্র শুভ্রাংশু। আর এরপরেই রাজ্য-রাজনীতিতে রীতিমত হৈচৈ বেঁধে যায়। কোথায় গেলেন মুকুল রায়। এমনকি বাবা নিখোঁজ বলে এয়ারপোর্ট থানায় অভিযোগও দায়ের করেন শুভ্রাংশু। এমনকি আজ মঙ্গলবার সকালে স্থানীয় বীজপুর থানাতেও অভিযোগ দায়ের হয়। যদিও এর মধ্যেই সোমবার রাতে একটি ভিডিও সামনে আসে।

যেখানে দেখা যায় মুকুল রায় দিল্লিতে পৌঁছে গিয়েছেন। হঠাত কেন দিল্লিতে রাজ্য-রাজনীতির চাণক্যের? তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এমনকি মুকুল রায়ের বিজেপিতে যোগদানের জল্পনাও তৈরি হয়েছে। দিল্লিতে গিয়ে তিনি নাকি একাধিক বিজেপি নেতার সঙ্গে বৈঠক করবেন বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও সোমবার দিল্লিতে নেমে মুকুল রায় ওই ভিডিওতে জানিয়েছেন, কিছু কাজের জন্যেই তাঁর দিল্লিতে আসা। সবটার মধ্যে কার্যত ধোঁয়াশা স্পষ্ট ছিল।
আর এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন শুভ্রাংশু রায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আর এটা একটি রাজনৈতিক দল করছে বলে অভিযোগ শুভ্রাংশুর। তাঁর মতে, মুকুল রায় অসুস্থ। মানসিক ভাবেও বিধ্বস্ত। ঠিক ভাবে দাঁড়াতে কিংবা কথা বলতে পারেন না বলেও মন্তব্য তৃণমূল নেতার। তবে এখানে টাকার খেলা হয়েছে বলে দাবি তাঁর। এমনকি দিল্লি যাওয়া এবং বিমানের টিকিটের টাকা কোথা থেকে এল তা নিয়েও তুলেছেন মুকুল পুত্র।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভ্রাংশুর দাবি, বাবার মাসিক আয় এই মুহূর্তে ২১ হাজার টাকা। বাবার হাতে কোনও টাকাই নেই। আর এই বিষয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি মুকুল পুত্রের। তিনি বলেন, ''গতকাল একটি এজেন্সির তরফে এক অবাঙালি ব্যক্তিকে বলা হয়, মুকুল রায়ের হাতে ৫০ হাজার টাকা দিয়ে আসার জন্য।'' যদিও এই বিষয়ে অবশ্য বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। পীযূষ কানোরিয়াকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে জানা যাচ্ছে, বিজেপিতে থাকাকালীন মুকুল রায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন পিয়ুষ। এমনকি সোমবার বিমানে তুলে দেওয়ার ক্ষেত্রে বিজেপি নেতা সাহায্য করেছেন বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications