RG Kar-এ হামলাকারীদের চিহ্নিত করল কলকাতা পুলিশ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ আবেদন
গভীর রাতে আরজি করের তিন দিক থেকে হামলা। যে হামলায় পুলিশ কর্মীরা ভয়ে পালিয়ে যান বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। হামলাকারীরা চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয়। পাশাপাশি তারা জরুরি বিভাগ, মেডিসিন স্টোর-সহ বেশ কিছু জায়গায় ব্যাপক ভাঙচুর চালায়।
পরে রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিস কমিশনার জানান, হামলাকারীদের হাত থেকে প্রতিবাদকারীদের বাঁচাতে গিয়ে আহত হয়ে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি কলকাতা পুলিশের ডিসি নর্থ। আরও বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।

হামলাকারীরা চিহ্নিত
কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলা হয়েছে, ছবিতে চিহ্নিতদের সন্ধান থাকলে যেন সরাসরি কিংবা থানার মাধ্যমে জানানো হয়।
গুজব নিয়ে সতর্কবার্তা
কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছিল যে সেমিনার হলে চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তা পুরোপুরি তছনছ করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে এই খবর সম্পূর্ণ মিথ্যা। গুজব ছড়ানো হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিসের তরফে।
কড়া পদক্ষেপের সতর্কবার্তা
কলকাতা পুলিশের তরফে এদিন সকালে করা সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, গভীর রাতে আরজি কর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত চিকিৎসক ও ডাক্তারি ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায় পাঁচ থেকে সাতহাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা।
তবে কলকাতা পুলিশ গর্বিত ডিসি (নর্থ)-সহ ঘটনাস্থলে কর্তব্যরত সহকর্মীদের জন্য, যাঁরা সংখ্যায় তুলনামূলক ভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান আগাগোড়া, যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয়েছেন বহু সহকর্মী, এঁদের মধ্যে কারও কারও আঘাত গুরুতর বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের কটাক্ষ
কলকাতা পুলিশের করা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তীব্র কটাক্ষ করেছেন সাধারণ মানুষদের একাংশ। কেউ বলছেন, সাধারণ মানুষ টিয়ার গ্যাসে বিধস্ত হয়ে ছুটে বেড়াচ্ছে, সেই ভিডিও সর্বত্র,আর আপনারা নাটক করছেন? আবার কেউ বলছেন ঘেন্না কলকাতা পুলিশের ওপরে।












Click it and Unblock the Notifications