RG kar Hospital Doctor Protest: ৩০ জন চিকিৎসকই মমতার বাড়িতে! স্লোগান উঠল 'উই ওয়ান্ট জাস্টিস'
RG kar Hospital Doctor Protest: দীর্ঘ ৩৫ দিনের কর্মবিরতি। অবশেষে আশার আলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটে পৌঁছলেন ৩০ জন চিকিৎসকের প্রতিনিধি দল। আগেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব সহ একাধিক শীর্ষ আধিকারিক। রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আলোচনা এখন কি হয় সেদিকেই তাকিয়ে সবাই।
তবে এদিন কালীঘাটে বাস থেকে নামার সময়েও আন্দোলনকারীরা স্পষ্ট জানান, নিজেদের পাঁচটি দাবিতেই অনড় রয়েছেন (RG kar Hospital Doctor Protest) । কোনও সমঝোতার জায়গা নেই। সমাধান সূত্র বার করতেই এদিন বৈঠক বলেই জানিয়েছেন আন্দোলনকারী। অন্যদিকে এদিন বাস থেকে নামার পরেই জাস্টিসের দাবি জানাতে শুরু করে। স্লোগান তোলেন 'উই ওয়ান্ট জাস্টিসে'র।

এদিনের এই বৈঠক ঘিরে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা কালীঘাট। একেবারে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। জানা যাচ্ছে, প্রথমেই সমস্ত চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা করেন। এরপর 'হিউম্যান চেইন' করে মুখ্যমন্ত্রীর বাড়ীতে ঢোকেন আন্দোলনকারী চিকিৎসকরা। জানা গিয়েছে, কাউকে ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।
অন্যদিকে এদিন অভয়ার মৃত্যুর সুবিচার চেয়ে মিছিলে হাঁটেন নির্যাতিতার বাবা মা। শনিবার বিকেলে নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে থেকে মিছিলে হাটেন বাবা-মা। তাদের সাথে মিছিলে যোগদান করেন আরো শ'খানেক মানুষ। মিছিল গিয়ে শেষ হয় সোদপুর ট্রাফিক মোড়ে। (তিলোত্তমা মোড়)
নির্যাতিতার মা বলেন 'মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছে এটা খুব ভালো। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। শুভ বুদ্ধির উদয় হয়েছে। ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে সেটা মেনে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক- আমরা এটাই চাই, মন্তব্য অভয়ার মায়ের।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী এখনও বলছেন যদি কেউ দোষী থাকে তবে সাজা পাবে। এটা বললে কি কারো আশা থাকে? আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সবাই দোষী। তারপরেও মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেউ দোষী থাকে... এটা আমার খুব খারাপ লেগেছে। আমি চাইবো মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে দ্রুত সমাধান করেন।












Click it and Unblock the Notifications