RG Kar Hospital: যাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তিনিই নিরাপত্তা চেয়ে হাইকোর্টে, কী মামলা করলেন সন্দীপ ঘোষ
এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরিবারের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। আদালতে তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যেভাবে তদন্ত চলছে তাতে তাঁর পরিবারের লোকেদের উপরে আক্রমণ নেমে আসতে পারে।
তাঁর স্ত্রী এবং বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তাঁর সঙ্গে থাকেন তাঁদের নিরাপত্তা চেয়ে তিনি আদালতে আর্জি জানিয়েছেন। বুধবারেই দুপুর ২টোয় সেই মামলার শুনানি রয়েছে। এদিকে সুপ্রিম কোর্টে একের পর এক ইস্যুতে সন্দীপ ঘোষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুকে কীভাবে তিনি আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচাপতিও।

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক তদন্তের খাঁড়া এসে নেমেছে। সিবিআই দফতরে গত ৬ দিন ধরে হাজিরা দিয়ে চলেছেন। প্রায় ৬০ ঘণ্টা ধরে সিবিআই তাঁকে জেরা করেছে। এর মধ্যে আবার কলকাতা পুলিশও সিট এবং এফআইআর দায়ের করে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আজই আবার লালবাজারে হাজিরা দেওয়ার কথা সন্দীপ ঘোষের
সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়। এমনকী তাঁর বেলেঘাটার বাড়ির সামনে পুলিশ ক্যাম্প বসিয়ে দেওয়া হয়েছিল। প্রথম দিন সন্দীপ ঘোষ সিবিআই হাজিরা দিতে গেলে কলকাতা পুলিশের গাড়ি তাঁকে ফলো করেছিল। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে কেন তাঁকে এতো নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সওয়াল করেছিলেন। হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর পরে কেন সেই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হল। কেন নির্যাতিতার মা বাবাকে দেহ দেখতে দেওয়া হল না। অধ্যক্ষ কেন এতোক্ষণ পরে ঘটনার এফআইআর দায়ের করলেন সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। এমনকী সন্দীপ ঘোষের এই ঘটনায় কোনও ভূমিকা রয়েছে কিনা তা নিয়েও সওয়াল করেছেন তিনি।
চারিদিক থেকে সাঁড়াশি চাপে রয়েছেন সন্দীপ ঘোষ। একের পর এক অভিযোগে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। তার জেরে এবার হালে পানি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। স্ত্রী এবং পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। আজই সেই মামলার শুনানি বলে জানা গিয়েছে। তাতে কী নিরাপত্তা পাবেন সন্দীপ ঘোষ। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ যেভাবে জনরোষ তৈরি হয়েছে তাঁর বিরুদ্ধে তাতে তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন অনেকেই।












Click it and Unblock the Notifications