বসন্তে অকাল বর্ষণে ভিজছে কলকাতা, এলোপাথাড়ি ঝোড়ো হাওয়ার সঙ্গে আকাশভাঙা বৃষ্টি
বসন্তে অকাল বর্ষণ শুরু হয়েছে কলকাতায়। চৈত্রেই কালবৈশাখির দেখা মিলেছিল। বৃহস্পতিবার মধ্যদিনের রক্তনয়ন অন্ধকার করে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি হয়েছিল কলকাতায়। তারপর পূর্বভাস মিলিয়ে রবিবার এলোপাথাড়ি ঝোড়ো হাওয়ার সঙ্গে আকাশভাঙা বৃষ্টি নামল মহানগরে।

কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সব তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবারের পর শনিবার দুপুরের পর থেকেই আকাশের মুখ ভার ছিল কলকাতা ও শহরতলির।

শনিবার থেকে ঝড়-বৃষ্টি চলছে
বৃহস্পতিবার কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ঘম্টায় ৪৮ থেকে ৬৪ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। পুরুলিয়া-ঝাড়গ্রামসহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার থেকে ঝড়-বৃষ্টি চলছে।

কলকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি
এবার ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়ল শহর কলকাতায়। রবিবার সকাল থেকেই মেঘা্চ্ছন্ন ছিল আকাশ। বেলা বাড়তেই কালো মেঘে ছেয়ে যায় শহর ও শহরতলির আকাশ। তারপরই কলকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের তরফে এই বৃষ্টিকে কালবৈশাখী বলেই অভিহিত করেছে।

শীত শীত ভাব, সেইসঙ্গে ঝিরিঝিরি বর্ষা
চৈত্রের শুরুতেই গরমের দাপট প্রবল আকার নেওয়ার আগেই কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া মনোরম হয়ে ওঠে। বসন্তের মাঝপথে শীতের আমেজ ফিরে এসেছে বাংলায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় শীত শীত ভাব। সেইসঙ্গে ঝিরিঝিরি বর্ষার আবহ।

ঠিক যেন বর্ষা, বাতাসে আবার হিমের পরশ
মেঘ-বৃষ্টির খেলা শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন জেলায়। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে ক্ষণে ক্ষণে। ঠিক যেন বর্ষা। আবার বাতাসে হিমের পরশ। এ এক বিচিত্র আবহাওয়া। এমন আবহাওয়া এখনও কদিন চলবে, তা নিয়ে সম্র্িতি পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও কতদিন চলবে এমন আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এখনও অন্তত দুদিন চলবে এই পরিস্থিতি। তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে আবহাওয়ার। কেন এই পরিবর্তন বসন্তের আবহাওয়ায়? তার ব্যাখ্যাও দিয়েছেন আলিপুর হাওয়া অফিসের বিশিষ্ট আবহবিদরা। স্পষ্ট করে দিয়েছেন কী কারণে আবহাওয়ার এই পরিবর্তন।

যে কারণে আবহাওয়ার এই পরিবর্তন
আবহবিদরা জানিয়েছেন, আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য দায়ী অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার অবস্থানের জন্য গোটা বাংলাজুড়েই বর্ষার পরিবেশ। ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত এমন আবহাওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিলেন আলিপুর হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়েই বৃষ্টি ও ঝোড়ো বাতাস চলছে।

বসন্তে অকাল শীতের আগমন পাহাড়ে
এদিনই পাহাড়ে বরফ পড়েছে। সিকিমের কিছু জায়গার পাশাপাশি দার্জিলিংয়ের সান্দাকফুতেও ব্যাপক তুষারপাত হয়। রবিবার সকাল থেকে সান্দাকফুতে তুষারপাত দেখে ভরপুর আনন্দ নিতে দেখা যায় পর্যটকদের। এই তুষারপাতে বসন্তেই অকাল শীতের আগমন ঘটল দার্জিলিংয়ে।












Click it and Unblock the Notifications