আধিপত্য শাসককে গ্রাস করে! মমতাকে কটাক্ষ 'বেসুরো' পরিবর্তনপন্থীদের
মনোনয়নে এত হিংসা হলে ভোটে কী হবে। পঞ্চায়েত ভোটে মনোনয়নে হিংসা নিয়ে এমনই প্রশ্ন করলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। রাজ্যে রাজনৈতিক হানাহানি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
মনোনয়নে এত হিংসা হলে ভোটে কী হবে। পঞ্চায়েত ভোটে মনোনয়নে হিংসা নিয়ে এমনই প্রশ্ন করলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। রাজ্যে রাজনৈতিক হানাহানি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যকে বিরোধী শূন্য করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। শিল্পী সাংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী মঞ্চের তরফে এদিন হাজির ছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

রাজ্যে বদল হোক, সেই দাবিতে সামিল হয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়-সহ অনেকেই। আধিপত্যের সঙ্গে লড়াইয়ে তোমার সঙ্গে দেখা কবিতার অংশ আবৃতি করে শোনান প্রতুল মুখোপাধ্যায়। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও উল্লেখ করেন তিনি। আধিপত্য শাসককে গ্রাস করে বলে নাম না করে কটাক্ষ করেন প্রতুল মুখোপাধ্যায়। আধিপত্যবাদ কায়েম করে বেশি দিন শাসন করা যায় না। আবার পথে নামার হুঁশিয়ারি দেন তিনি। পূর্বতন বাম সরকারের আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁরা একসময়ে পথে নেমেছিলেন বলে জানিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়।
২০০৩-এর পঞ্চায়েত আইনের যে ফাঁক রয়েছে, তা দূর করার আহ্বান জানিয়েছেন নাট্যকর্মী বিভাস চক্রবর্তী। একইসঙ্গে নির্বাচনের পর এক দলে নির্বাচিত হয়ে অন্য দলে যাওয়ার যে প্রক্রিয়া চলে, তারও সমালোচনা করা হয়েছে বুধবারের সভা থেকে। বিধায়কদের দল বদলের যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চলেছে তাঁকে প্রতারণা বলে অবিহিত করেন বিভাস চক্রবর্তী, বিমল চট্টোপাধ্যায়রা। এদিন নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলনে কথা স্মরণ করিয়ে দেন নাট্যকর্মী বিভাস চক্রবর্তী।
প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় পঞ্চায়েত আইনের ৪১, ৪২, ৪৩ নম্বর ধারার পরিবর্তনের দাবি তোলেন।
রাজ্য নির্বাচন কমিশনারকে ঠুঁটো জগন্নাথ করে রাখার প্রক্রিয়া চলছে বলে, অভিযোগ করেছেন সমাজকর্মী মীরাতুন নাহার। মনোনয়ন জমা দেওয়ার স্থানের পাশে পিকনিক করার কড়া সমালোচনা করেন সমাজকর্মী সুজাত ভদ্র।
শিল্পী সাংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী মঞ্চের তরফে এদিন যাঁরা সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন তাঁদের অনেককেই ২০১১-র আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন মঞ্চে দেখা গিয়েছিল। এমন কী ক্ষমতায় আসার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের অনেককেই দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications