ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই তৎপরতা বাড়িয়েছে বিজেপি। আর এই আবহেই দুই দিনের সফরে কলকাতায় এসে পৌঁছেছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শহরে আসার পরেই তিনি নিউটাউনের একটি হোটেলে রাজ্য নেতৃত্বের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আইটি সেলের সঙ্গেও আজ আলোচনা করার কথা রয়েছে তাঁর।

এইবারের নির্বাচন আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দুই দফায় প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে বিজেপি। তবে এখনও ৩৯টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই দলের অন্দরেই একাধিক জায়গায় অসন্তোষ প্রকাশ্যে এসেছে। কোথাও আবার ভাঙচুর, কোথাও বিক্ষোভ আবার কোথাও হাতাহাতির ঘটনা সামনে এসেছে। অনেক কর্মীদের অভিযোগ যে, কিছু কিছু কেন্দ্রে এমন প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে যাঁদের নিয়ে সন্দেহ রয়েছে।
সম্প্রতি সল্টলেকের দলীয় কার্যালয়ে কয়েকটি কেন্দ্রের কর্মীরা প্রতিবাদও জানিয়েছেন। অন্যদিকে আবার, বাকি প্রার্থীদের নাম চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে এবং খুব তাড়াতাড়িই নতুন তালিকাও প্রকাশ হয়ে যেতে পারে।
এইরকম পরিস্থিতিতে দলের রাজ্য নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, প্রার্থী বাছাই নিয়ে দল যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে শেষ কথা। প্রকাশ্যে বিক্ষোভ অথবা অসন্তোষকে তারা ভালো চোখে দেখছে না।












Click it and Unblock the Notifications