ক্ষতিপূরণ দেবে রেলও, মমতার পর নিহত ঠিকাকর্মীদের পরিবারের পাশে মেট্রো কর্তৃপক্ষ
মাঝেরহাট সেতু বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। আগেই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য সরকার।
মাঝেরহাট সেতু বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। আগেই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার মৃত দুই ঠিকাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার রেলের তরফে জানানো হয়েছে, মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃত দুই মেট্রো রেলের ঠিকাকর্মীর পরিবারকে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গাড়ি-সহ মাঝেরহাট ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রেল লাইনের ধারে। এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত ১১ জন ভর্তি রয়েছেন গুরুতর আহত অবস্থায়। প্রথম দিনে এক জনের মৃত্য়ুর খবর মিলেছিল। পরে ধ্বংসাবশেষ সরানোর পর দুটি দেহ উদ্ধার হয়। সেই দুই দেহই মেট্রোর ঠিকাকর্মীর।
মাঝেরহাটের ওই ব্রিজ সংলগ্ন এলাকায় মেট্রো রেলের কাজ চলছিল। ব্রিজের নিচে খালের ধার বরাবর ঠিকাকর্মীরা ঝুপড়ি করে ছিলেন। দিনের ব্যস্ত সময়ে প্রায় সবাই কাজে ছিলেন, শুধু যাদের নাইট ডিউটি ছিল, তাঁরাই বিশ্রাম নিচ্ছিলেন ঝুপড়িতে। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। ফলে মেট্রোর ওই দুই ঠিকাকর্মী চাপা পড়ে যান।
ব্রিজ গর্ত করে ভিতরে ঢুকে উদ্ধারকারীরা জানার চেষ্টা চালান কেউ আটকে রয়েছে কি না। তখনই তাঁরা আভাস পেয়েছিলেন- কেউ আটকে রয়েছে। সেইমতো স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু হয়। উদ্ধারকার্য চলাকালীন বুধবার ও বৃহস্পতিবার দুজনের দেহ উদ্ধার হয়। দুইজনেই মেট্রোরেলের ঠিকাকর্মী।
এই দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফর থেকেই ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ ও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান তিনি। মেট্রো রেল ওই দুই ঠিকাকর্মীর পরিবারের সঙ্গীন অবস্থার কথা চিন্তা করে আট লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে রেল।












Click it and Unblock the Notifications