Mamata Banerjee: "কেউ কিছু চাইলে দেবেন না," BGBS-এর এক মাস পর শিল্পপতিদের বার্তা মমতার
Mamata Banerjee: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর প্রথম শিল্প বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা মমতার। শিল্প নিয়ে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা মমতার। ফাইল ভালো করে গবেষণা করে দেখতে হবে, কোনও অনীহা চলবে না, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিলেন মমতা। কোথায় কোথায় শিল্পের পথে বাধা রয়েছে, তা খতিয়ে দেখার পরামর্শ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা নিরসনের দায়িত্ব মনে করালেন মুখমন্ত্রী। রাজ্য স্তরের সিনার্জি কমিটি গঠন করা হবে, প্রতি চার সপ্তাহ অন্তর তারা কমিটির বৈঠক হবে। কমিটির সব রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিতে হবে। বাংলার উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সকলকে ঝাঁপিয়ে পড়ার বার্তা মমতার।

শ্রমিকদের সঙ্গে কথা বলে অসন্তোষের সমাধান করতে হবে বলে বার্তা মমতার। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে কোনও কাজ নয়, স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, "শিল্পপতিদের বলব, শিল্প করতে গেলে কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। সরকার কাজ করলে কারও থেকে কিছু নিয়ে করে না। স্থানীয় নেতা টাকা চাইলে অভিযোগ জানান।"
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে শিল্প নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। সরকারের কোনও কাজে টাকা নেওয়া অপরাধ বলে মন্তব্য মমতার। তিনি বলেন, "রেলমন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, এত বড় দফতর হাতে ছিল, আজ কেউ একটা কথাও বলতে পারবে না। মানুষ ভালোবেসে পার্টিকে কিছু দিতে চাইলে তাঁর আলাদা সিস্টেম রয়েছে।"
ট্রেড ইউনিয়নগুলিকেও কড়া বার্তা মমতার। তিনি জানান, "হঠাৎ করে শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া ঠিক নয়। শ্রমিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।" শ্রমমন্ত্রী মলয় ঘটককে এব্যাপারে দায়িত্ব দিলেন মমতা। তিনি আরও জানান, "এখানে কোনও ব্যক্তিগত স্বার্থ দেখা হবে না।"
জাতীয় সড়কে ইকনমিক করিডর নিয়েও বড় ঘোষণা মমতার। তিনি জানান, "জেলায় জেলায় ৩ হাজার একর জমি চিহ্নিত হয়েছে। অনেক দফতরের কাছে জমি পড়ে রয়েছে। জমিগুলি দখল হয়ে যাচ্ছে কিন্তু কেউ খবর রাখেন না।" সরকারি সমস্ত দফতরকে পড়ে থাকা জমির ব্যাপারে তথ্য দিতে নির্দেশ মমতার। ৩ দিনের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
বিল্ডিং প্ল্যান করতে গিয়ে উচ্ছেদ করা যাবে না বলে নির্দেশ মমতার। বিল্ডিং প্ল্যানে অনুমোদনের সময় নজর দিতেও নির্দেশ। এদিন মমতা আরও বলেন, "ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য জমি পড়ে রয়েছে। ১৫ দিনের মধ্যে জমি চিহ্নিত করতে হবে। ৫টি স্টিল প্লান্টের প্রস্তাব রয়েছে। স্টিল প্লান্ট হলে ৫০ হাজার চাকরি হবে।"
দেউচা পাঁচামি হলে গোটা বাংলা উপকৃত হবে বলে জানান মমতা। তিনি বলেন, "যারা জমি দিয়েছেন তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় হাজারখানেক ছেলেমেয়েকে হোমগার্ডের চাকরি দিয়েছি। যাদের ১৮ বছর হয়নি, তাদের ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। ১৮ বছর হলে তারা চাকরি পাবেন। দেউচা পাঁচামির কয়লা খনন শুরু হলে স্থানীয় ছেলেমেয়েরাই চাকরি পাবে।"












Click it and Unblock the Notifications