Mamata Banerjee: মমতার সঙ্গে ফোনালাপের পর ইমেল পেলেন চিকিৎসকরা, বৈঠকের আগে অনশন তোলার শর্ত চাপাল রাজ্য
Junior Doctor Hunger Strike: জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। দুপুরে অনশন মঞ্চে মুখ্যসচিবের উপস্থিতিতে ফোনে অনশনকারীদের সঙ্গে কথা বলেন মমতা। এরপর সন্ধেতেই জুনিয়র চিকিৎসকদের ইমেল মুখ্যসচিবের। সোমবার বিকেল পাঁচটায় শর্ত বেঁধে দিয়ে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকল নবান্ন (Nabanna)।
আগে অনশন প্রত্যাহার (Hunger Strike) করতে হবে। তারপর নবান্নের বৈঠকে যোগ দিতে হবে। ইমেলে জানানো হয়েছে এমনই শর্ত। তাতে স্পষ্ট লেখা, অনশন তুলে তারপর ২১ অক্টোবর নবান্নের বৈঠকে যোগ দিন। দীর্ঘক্ষণ কাটালে চলবে না, বৈঠকের জন্য ধার্য করা হয়েছে ৪৫ মিনিট। অন্তত আধঘণ্টা আগে নবান্নে পৌঁছে ১০ জন প্রতিনিধির নাম পরিচয় জানাতে হবে ইমেলে। তারপর হবে বৈঠক।

অভয়ার বিচার সহ দশ দফা দাবিতে অনড় চিকিৎসকরা (Junior Doctors Protest)। ধর্মতলায় ১৫ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন। আচমকাই শনিবার দুপুরে সেখানে হাজির হন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়সহ পুলিশের আধিকারিকরাও।
ফোনে অনশনকারীদের সঙ্গে কথা বলেন মমতা। প্রায় ১৮ মিনিটের চলা কথোপকথনে মমতার বক্তব্যের সারমর্ম ছিল এই যে অধিকাংশ দাবিই পূরণ করা হয়েছে। বাকি দাবি পূরণে তিন চার মাস সময় লাগবে। তবে মমতা এও জানিয়ে দেন, স্বাস্থ্যসচিবের অপসারণ সম্ভব নয়। এরপরই চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী।
ফোনালাপের পর মুখ্যসচিবরা অনশন মঞ্চ থেকে চলে যেতে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তারা জানান, মুখ্যমন্ত্রী ধৈর্য হারাচ্ছেন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। সোমবারের বৈঠকের পর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি যদি না মানা হয় তাহলে একই তীব্রতায় আন্দোলন চালু থাকবে বলেও জানিয়ে দেন তাঁরা।
তবে অনশন তোলার পর বৈঠকে যোগের শর্ত চাপিয়েছে রাজ্য। ইমেলে দেওয়া শর্তের বিপরীতে গেলে কি তবে বৈঠক হবে না? মুখ্যসচিব মেলে স্পষ্ট জানিয়েছেন, বৈঠকে যোগ দিতে গেলে অনশন তুলে তারপর আসতে হবে জুনিয়র চিকিৎসকদের।












Click it and Unblock the Notifications