আরএসএস ধর্মীয় জঙ্গি সংগঠন! ‘গুগলি’ পর ‘বাউন্সার’ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
‘গুগলি’ ছেড়ে এবার মমতার ‘বাউন্সার’- আরএসএস আদতে ধর্মীয় জঙ্গি সংগঠন। আমরা বিবেকানন্দের হিন্দুত্ব মানি, আরএসএসের হিন্দুত্ব মানি না।
মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় তুলনা করে বলেছিলেন, আরএসএস ভালো, বিজেপি খারাপ। আরএসএসের অনেক নেতাকে তিনি শ্রদ্ধা করেন। মুকুল রায়ও জানিয়েছিলেন আরএসএসের অনেক নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো। তবে সেসব 'গুগলি' ছেড়ে এবার মমতার 'বাউন্সার'- আরএসএস আদতে ধর্মীয় জঙ্গি সংগঠন। আমরা বিবেকানন্দের হিন্দুত্ব মানি, আরএসএসের হিন্দুত্ব মানি না।

কলকাতায় এক অনুষ্ঠানে আরএসএসকে ফের একবার একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিকাগোতে তাঁর অনুষ্ঠান বাতিল করার বিষয়টি তুলে ধরেই আরএসএসকে এদিন চরম জবাব দেন। বলেন, সেদিন অনুষ্ঠান বাতিলের জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। এদিন চিঠি হাতে নিয়ে মমতা আনফোরসিন রিজনস কথাটি বারবার পড়ে শুনিয়েছেন। তারপরই গর্জে উঠে বলেছেন, আরএসএস হল একটি ধর্মীয় জঙ্গি সংগঠন।
তাঁর কথায়, আরএসএসের জঙ্গি-হিন্দুত্ব আমরা মানি না। আমরা মানি বিবেকানন্দের হিন্দুত্ব। যে হিন্দুত্ব সহনশীলতা শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। আমরা স্বামীজিকে মেনে চলব। রামকৃষ্ণের পথ অনুসরণ করব। তিনিই তো আমাদের সবাইকে নিয়ে চলতে শিখিয়েছেন। কেন আরএসএসের মতো জঙ্গিপনাকে মদত দেব আমরা, প্রশ্ন তোলেন মমতা।

তাঁর কথায়, মানুষকে ভয় দেখিয়ে কোনও জিনিস পাওয়া যায় না। আর পেলেও সে জিনিস ধরে রাখা যায় না। ধরে রাখা যায় ভালোবাসা দিয়ে। আমরা সেই শিক্ষাই পেয়েছি। সেইমতোই আমরা এগোব। আজ আরএসএসের শিক্ষায় যে সরকার চলছে দেশে, সেই সরকারকে মানুষ ভয় পান, ভয় পান প্রধানমন্ত্রীকে। এর আগে কখনও দেখিনি প্রধানমন্ত্রীকে মানুষ ভয় পাচ্ছেন।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন অটল ভালো, আদবানি খারাপ। আবার এখন বলেন মোদী খারাপ, আদবানি ভালো। তিনি বলেছিলেন বিজেপি খারাপ, আরএসএস ভালো। এখন তিনি বলছেন আরএসএস ধর্মীয় জঙ্গি সংগঠন। মানুষের কাছে ভীতিদায়ক।
এর আগে রাহুল গান্ধী আরএসএকে সমালোচনা বিদ্ধ করেছিলেন। আরএসএস সংগঠনকে আরব দুনিয়ার মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিঁধলেন আরএসএসকে। তিনি সরাসরি বললেন, আরএসএস ধর্মীয় জঙ্গি সংগঠন। ফের রাহুলের সুরে সুর মেলালেন মমতা।












Click it and Unblock the Notifications