Mamata Banerjee: মুর্শিদাবাদ যাবেন মমতা, এতদিন না যাওয়ার কী কারণ? জানালেন মুখ্যমন্ত্রী নিজেই
Mamata Banerjee: মুর্শিদাবাদে হিংসার ৭ দিন পার। এবার মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বড় কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তবে দিনক্ষণ নির্দিষ্ট করে জানাননি মমতা। বুধবারের পর বৃহস্পতিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতার। বিএসএফকেও ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার রাজভবনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘরছাড়াদের অভাব অভিযোগ শোনেন। মুর্শিদাবাদেও সশরীরে হাজির হতে পারেন রাজ্যপাল। যদিও এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন, "এখন স্থানীয় ছাড়া কেউ না যায়। মানুষকে আস্থা ফেরানোটাই এখনের কাজ। রাজ্যপালকে আবেদন করব। কিছুদিন অপেক্ষা করুন।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন ঘরছাড়াদের দেখতে যাননি, সেনিয়ে তুমুল সমালোচনা করেছে বিরোধীরা। এদিন মমতার অবশ্য দাবি, "ওখানে আগে মানুষের আস্থা ফিরুক। আমি যাচ্ছি না কেন? আমিও যাব, ঠিক সময়ে যাব। মণিপুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে যেতে বলুন। ত্রিপুরায় বলুন যেতে, অসমে যেতে বলুন। ওখানে যাচ্ছে না কেন?"
এরপরই নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রী বলেন, "আগে বিএসএফের এক্তিয়ার সীমান্ত থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ছিল। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এসে তা ৫০ কিলোমিটার করে দিয়েছে। আমাদের লোকেদের সঙ্গে আমরাই দেখা করতে যেতে পারব না। আগে পুলিশ সব রিপোর্ট রাখত কে আসছে, কীভাবে আসছে। এই হোম মিনিস্টার আমাদের আধিকারিককে রাখার অনুমতি তুলে নিয়েছে। আমাদের আধিকারিকদের সঙ্গে ডেটা শেয়ারিং প্রসেস থামিয়ে দিয়েছে।"
রেলকেও নিশানা করে মমতা বলেন, "রেল রেগুলার যাতায়াত করছে। আরপিএফ আছে, জিআরপিএফ আছে। গরু দেখে বিএসএফ, কয়লা দেখে সিআইএসএফ। তাহলে আমাদের জড়াচ্ছেন কেন? শুধু আমাদের নামে মিথ্যে কথা বলেন। দাঙ্গা তৈরি হয় কিছু ক্রিমিনালদের দিয়ে। আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয়। ভালো সেজে ভান করার নেতাদের তো অভাব নেই। এসময় মাছ ধরতে বেরিয়ে পড়ে।"
মমতা আরও বলেন, "কোনও কোনও রাজনৈতিক নেতা বা নেত্রী মাছ ধরতে বেরিয়ে আসে। আগে বিচার কী বলছে দেখুন। এখন মিছিল মিটিং করার সময় নয়। অনেকে এজেন্সির তৎপরতার খেলা ধরতে পারে না। গোটাটাই এজেন্সিকে দিয়ে করানো হয়। যিনি করান তার নাম কালই বলে দিয়েছি।"












Click it and Unblock the Notifications