মোদীর ‘প্লাস্টিক ইকোনমি’র খেসারত দিচ্ছে দেশ! এটিএম জালিয়াতি-কাণ্ডে উদ্বেগ মমতার
এটিএম জালিয়াতির জন্য দায়ী কেন্দ্রের প্লাস্টিক ইকোনমি। যার খেসারত দিতে হচ্ছে বাংলা-সহ সমস্ত দেশবাসীকে।
রাজ্যে এটিএম জালিয়াতি-কাণ্ডে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই জালিয়াতি-কাণ্ডের জন্য কেন্দ্রের বিজেপি সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এটিএম জালিয়াতির জন্য দায়ী কেন্দ্রের প্লাস্টিক ইকোনমি। যার খেসারত দিতে হচ্ছে বাংলা-সহ সমস্ত দেশবাসীকে।

তৃণমূল সুপ্রিমোর কথায়, যেদিন থেকে নোটবন্দি হয়েছে, সেদিন থেকেই আর্থিক নিরাপত্তা চলে গিয়েছে দেশবাসীর। বর্তমানে এদেশের মানুষের আর্থিক নিরাপত্তা একেবারেই নেই। পুরো বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে তিনি মনে করেন। সেইসঙ্গে তৃণমূল নেত্রী মঙ্গলবার সংসদে বিষয়টি তোলার নির্দেশ দেন দলীয় সাংসদদের।
নরেন্দ্র মোদীর দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে প্লাস্টিক ইকোনমি চালু করতে গিয়ে মানুষের আর্থিক নিরাপত্তা শিকেয় তুলে রেখেছে কেন্দ্র। নোটবন্দি করে দেশবাসীর টাকা হরণ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, তখনই অনলাইন ব্যবস্থা চালু করতে গিয়ে সমস্যার তৈরি করেছে সরকার।
এদিকে ব্যাঙ্কের এটিএম জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েক সরকার। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষপ নেন। বেশ কিছু নির্দেশ তিনি জারি করেন। প্রতি ব্যাঙ্কের এটিএম নিরাপত্তারক্ষী থাকা বাধ্যতামূলক করার পাশাপাশি তিনি আশ্বাস দেন, সমস্ত গ্রাহক টাকা ফেরত পাবেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এটিএম থেকে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার প্রবণতা বেড়েছে শহরে। রাজ্যের বিভিন্ন জেলাতেও এটিএম থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে জালিয়াতি করে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রতুর সংখ্যক গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন।












Click it and Unblock the Notifications