উন্মোচিত হল মেসির মূর্তি, নিজের হাতেই হোটেল থেকে ভার্চুয়ালি উদ্বোধনে ফুটবল কিংবদন্তি
ফুটবলের মহাতারকা লিওনেল মেসি কলকাতায় নিজের ৭০ ফুট উঁচু মূর্তির ভার্চুয়াল উন্মোচন করলেন। লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত এই মূর্তিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মেসির মূর্তি। তাঁর G.O.A.T. Tour India 2025-এর প্রথম পর্বে হোটেল থেকে ভার্চুয়ালি তিনি এটি উন্মোচন করে মুগ্ধতা প্রকাশ করেন।
এই অনুষ্ঠানে মেসির সঙ্গে দেখা করেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও তাঁর পুত্র আব্রাম। আব্রাম মেসির সঙ্গে ছবিও তোলে। মেসি শহরে আসার আগেই শাহরুখ সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) জন্য নয়, এসেছেন মেসির টানে।

মেসির এই বিশাল মূর্তি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। বিদেশে তাঁর একাধিক ফ্যান ক্লাব এবং জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজ়িও রোমানো মূর্তির ছবি শেয়ার করেছেন। যদিও এর ছবি আগেই প্রকাশ্যে এসেছিল, এবার মেসি নিজে সেটি দেখে মুগ্ধ হন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, 'আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভালো লাগছে। আর্জেন্তিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে।'
মেসিকে এক ঝলক দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। তাঁর শহরে আগমনের খবর শুনে রাত থেকেই বিমানবন্দর, এরপর হোটেল এবং স্টেডিয়ামের বাইরে বিরাট ভিড় করেন সমর্থকরা। মেসি স্টেডিয়ামে পৌঁছনোর অনেক আগেই কাতারে কাতারে মানুষ লাইন করে অপেক্ষা করেছেন।












Click it and Unblock the Notifications