Sealdah: ফের শিয়ালদহ স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই গ্রেফতার ব্যক্তি
Sealdah: খাস কলকাতায় আবারও অস্ত্র উদ্ধার। আবারও সেই শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার অস্ত্রশস্ত্র। আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস ঢুকতেই ধরা হয় ওই যুবককে। ধৃতের নাম হাসান শেখ। জানা গিয়েছে, হাসান মালদার বাসিন্দা। ভোর সাড়ে ৫ টার পর শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
এই নিয়ে ৫ মাসে তিন বার শিয়ালদহ থেকে অস্ত্র পাচারের পর্দাফাঁস। ৬টি আগ্নেয়াস্ত্র-সহ ৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে সোমবার। ব্যস্ত স্টেশন চত্বরেই টেবিলে অস্ত্র রেখে সিজার লিস্ট তৈরি। এর আগে ৯ নভেম্বর বৈঠকখানা বাজারে আগ্নেয়াস্ত্র গুলি সহ গ্রেফতার হন ঝাড়খণ্ডের বাসিন্দা। ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের সামনে বন্দুক গুলি সহ পাকড়াও হয় উত্তরপ্রদেশের ৫ জন। ৮ ফেব্রুয়ারি বড়বাজার আগ্নেয়াস্ত্র সহ উত্তরপ্রদেশের এক বাসিন্দা গ্রেফতার করা হয়েছিল।

সোমবার অস্ত্রসহ মালদার বাসিন্দা গ্রেফতার হয় শিয়ালদহ স্টেশনে। মালদহে দিনের পর দিন অপরাধের ঘটনা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। মালদা অপরাধের এপিসেন্টার হলে শিয়ালদহকে করিডোর হিসেবে ব্যবহার করছেন দুষ্কৃতী থেকে অস্ত্র পাচারকারীরা। বিহার থেকে আগ্নেয়াস্ত্র মালদহে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এমনটাই অনুমান পুলিশের এসটিএফের।
সোমবার ধৃত হাসান শেখের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারেই তৈরি হয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে আরও খবর, বিহারের খাগারিয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদহের কালিয়াচক হয়ে কলকাতা আসছিল পাচারকারী। ট্রলি ব্যাগে জামাকাপড়ের আড়ালে ছিল অস্ত্রশস্ত্র। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
শিয়ালদহ স্টেশন চত্বর ও তাঁর পাঁচ-ছশো মিটার পরিধির মধ্যে এই নিয়ে টানা বেশ কয়েকবার অস্ত্র উদ্ধারে রীতিমতো উদ্বেগের কারণ রয়েছে। স্টেশন চত্বরে আরপিএফ ও রেল পুলিশের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে অস্ত্র পাচারকারীদের আনাগোনা রীতিমতো উদ্বেগের। প্রসঙ্গত, দিনকয়েক আগেই বসিরহাটে একটি ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গত মাসে এসটিএফের গোয়েন্দারা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঈশ্বরীপুর এলাকা থেকে ১৯০ রাউন্ড কার্তুজও উদ্ধার করেন।












Click it and Unblock the Notifications