নেতাজিনগরের ঘটনা থেকে শিক্ষা! নিঃসঙ্গ প্রবীণদের পাশে পুলিশ
নেতাজিনগর এবং সোনারপুরে বয়স্ক দম্পতির খুনের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজিনগর এবং সোনারপুরে বয়স্ক দম্পতির খুনের ঘটনায় চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশও দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনারকে। পরের দিনই সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শহরের প্রত্যেক একাকি বৃদ্ধ দম্পতির বাড়িতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর বুধবারেই কলকাতা পুলিশের ডিসি ও অতিরিক্ত কমিশনারদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এরপরেই প্রত্যেক থানার ওসিদের নির্দেশ দেন এলাকায় কোনও কোন বাড়িতে বৃদ্ধ দম্পতি আছেন, তার খোঁজ করতে। পাশাপাশি যেসব বৃদ্ধ দম্পতি একাকি থাকেন, তাঁদের বাড়িতে লাগানোর বিষয়টি পর্যালোচনা করতে। সেই সিসিটিভির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে নির্দিষ্ট থানার। প্রয়োজন হলেই পুলিশকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
নিউ আলিপুর থানা, পাটুলি থানা-সহ বেশ কয়েকটি থানা পুলিশকর্মীরা এদিন বেশ কয়েকজন বৃদ্ধ দস্পতির সঙ্গে কথা বলেন। সূত্রের খবর অনুযায়ী বাড়ি চিহ্নিত হয়ে গেলে সিসিটিভি বসানোর কাজও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
কলকাতার বৃদ্ধ বৃদ্ধাদের সুরক্ষার জন্য এর আগে 'প্রণাম' নামে একটি প্রকল্প শুরু করেছিল কলকাতা পুলিশ। প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, বাড়িতে কাজের লোকের ফোন নম্বর থানায় রেখে প্রয়োজনে সাহায্য করার মতো কাজ করতে দেখা গিয়েছে। এদিন খতিয়ে দেখা হয় থানা এলাকায় 'প্রণাম' প্রকল্পে কতজন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন। তাঁদের কতজনের বাড়ি সিসিটিভির আওতায় রয়েছে তাও খতিয়ে দেখা হয়। যাঁদের বাড়ি সিসিটিভির আওতায় নেই, সেখানে বিনামূল্যে সিসিটিভি লাগানোর কথাও জানানো হয়।












Click it and Unblock the Notifications