নবান্ন অভিযানে পুলিশকে মার, আদালতের নির্দেশ অমান্য, দায়ের একাধিক এফআইআর
নবান্ন অভিযানের সময় চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা তৈরি করা, কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা এবং পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগকে সামনে রেখে লালবাজার এদিন মোট পাঁচটি এফআইআর দায়ের করেছে। ওদিকে হাওড়ায়ও দুটি এফআইআর হয়েছে বলে খবর। এই ঘটনাগুলিতে এখনও কাউকে গ্রেফতার হয়নি। তদন্ত চলছে বলে আপাতভাবে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে।
কলকাতা পুলিশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা এই পাঁচটি এফআইআরের মধ্যে চারটিই নিউ মার্কেট থানায় এবং একটি হেয়ার স্ট্রিট থানায় রয়েছে। আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের ডাকে গত শনিবার নবান্ন অভিযান হয়েছিল। সেটিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমর্থন করেছিলেন।

পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। এবং স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, কলকাতায় প্রতিবাদ কর্মসূচি করতে হলে তা রানি রাসমণি অ্যাভিনিউতে করা যাবে। তবে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মতলা থেকে মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের দিকে অগ্রসর হয়। ওই মিছিলে নির্যাতিতার বাবা-মা এবং শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত ছিলেন।
পার্ক স্ট্রিট মোড়েই পুলিশ মিছিল আটকে দেয়। ফলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করে রানি রাসমণি অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়াও, পুলিশের এক কনস্টেবলকে মারধর করার ঘটনায় নিউ মার্কেট থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুরের ঘটনাতেও এফআইআর করা হয়েছে। এর পাশাপাশি আরও দুটি অভিযোগের কারণে নিউ মার্কেট থানায় আরও দুটি এফআইআর নথিভুক্ত হয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের রাখির স্টলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও একটি এফআইআর দায়ের করা হয়। সবমিলিয়ে মোট পাঁচটি এফআইআর দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications