হাইকোর্টের নির্দেশে আপাতত জেলেই থাকতে হবে আনিসুরকে
হাইকোর্টের নির্দেশে আপাতত জেলেই থাকতে হবে আনিসুরকে
আনিসুর মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত ডিভিশন বেঞ্চের নির্দেশে জেলেই থাকতে হবে পাঁশকুড়ার কুরবান শাহ হত্যা মামলার মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা আনিসুর রহমানকে।

কুরবান শাহ হত্যার মূল অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করার পাশাপশি, গত ২ মার্চ এই সংক্রান্ত বিষয়ে তমলুক আদালতের নির্দেশিকাও বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় আনিসুর রহমান। আনিসুর রহমানের আনা মামলায় শুক্রবার কোন স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ।
গত ২৬ ফেব্রুয়ারি রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় আনিসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা সরকার প্রত্যাহার করে নিতে চায়। সেই মর্মে ২ মার্চ তমলুক আদালতের বিচারকের কাছে আর্জি জানান রাজ্যের তরফের সরকারি কৌঁসুলি। তার প্রেক্ষিতেই আনিসুর রহমানের মুক্তি দেয় নিম্ন আদালত।
কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশ ও রাজ্য সরকারের গত ২৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুরবান শাহের পরিবার।












Click it and Unblock the Notifications