জনস্বার্থ মামলা করে টাকা তোলার অভিযোগ, শহরের শপিংমলে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী
জনস্বার্থ মামলা করে টাকা তোলার অভিযোগ, শহরের শপিংমলে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী
ঝাড়খণ্ডের ৩ বিধায়কের পর এবার কলকাতার শপিং মল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের এক আইনজীবী। তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনস্বার্থ মামলা প্রত্যাহার করার জন্য ১০ কোটি টাকা তোলা চেয়েছিলেন ওই আইনজীবী। শহরের একটি শপিং মলে সেই টাকা নিতে এসেছিলেন তিনি। তখনই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের তিন বিধায়ককে ৫০ লক্ষ টাকা সহ গ্রেফতার করেছিল হাওড়া গ্রামীণ পুলিশ। এই টাকা তাঁদের কাছে কীভাবে এলো তা নিয়ে তাঁরা সদুত্তর দিতে পারেননি। তারপরেই তাঁদের দল থেকে সাসপেন্ড করা হয়। এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক কাণ্ড। শহরের শপিং মল থেকে গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের এক আইনজীবীকে। ৫০ লক্ষ টাকা সহ সেই আইনজীবীকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি,জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চেয়েছিলেন সেই আইনজীবী।
কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছিলেন তিনি। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশির হুমকি দিয়ে ১০ কোটি টাকা তোলা চেয়েছিলেন সেই আইনজীবী। অভিযুক্তের নাম রাজীব কুমার। শেষ পর্যন্ত ১ কোটি টাকায় রফা হয়েছিল তাঁর। প্রথম ধাপের ৫০ লক্ষ টাকা নেওয়ার জন্য হাজির হয়েছিলেন তিনি। কলকাতার একটি শপিং মলে সেই টাকা নেওয়ার কথা ছিল তাঁর। তখনই হাতেনাতে পুলিশ তাঁকে ধরে ফেলে।
জনস্বার্থ মামলা করে টাকা আদায় করাই ছিল তাঁর পরিকল্পনা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধও জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। এমনই জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে জেরা শুরু করেছে তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications