শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ টি মামলার কেস ডায়েরি তলব হাইকোর্টের, কিন্তু কেন?
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬ টি মামলা দায়ের রয়েছে। সব কটি মামলার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। পুলিশকে নির্দিষ্ট দিনের মধ্যে সব মামলার কেস ডায়েরি জমা দিতে হবে।
আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল৷ বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়৷ বিচারপতি পুলিশকে এই নির্দেশ দিয়েছে৷ সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে৷ তাহলে কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থাকা মামলাগুলি নিয়ে স্থির সিদ্ধান্তে আসতে চাইছে আদালত? সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ২৬ টি মামলা দায়ের হয়েছে৷ কলকাতা হাইকোর্টে ২০২২ সালে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি হয়৷ তিনি দলবদল করে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। সেই কারণে পুলিশের থেকে একাধিক মামলা দেওয়া হচ্ছে। এই বক্তব্য আদালতে রেখেছিলেন শুভেন্দু অধিকারী।
২০২২ সালের ডিসেম্বর মাসে সেই মামলায় স্বস্তি পান শুভেন্দু৷ সব কটি মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়৷ হাইকোর্টের অনুমতি ছাড়া আর কোনও নতুন অভিযোগ দায়ের হবে না। শুভেন্দু অধিকারীকে মামলায় জড়ানো যাবে না। এই কথা জানিয়ে দিয়েছিলেন বিচারক। পুলিশ তারপর থেকে আর কোনও মামলা বিরোধী দলনেতার বিরুদ্ধে করতে পারেনি।
বৃহস্পতিবার সেই অন্তর্বর্তীকালীন নির্দেশ বহাল রেখেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সময়েও সুরক্ষাকবচ থাকছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু আদালতের একটি পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব মামলার কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি।
২৬ টি মামলার কেস ডায়েরিই আদালতে পুলিশকে জমা দিতে হবে। কিন্তু কেন এমন নির্দেশ দিল আদালত? তাহলে মামলাগুলি দেখে স্থির সিদ্ধান্তে আসতে চাইছে আদালত? অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখতে চাইছেন বিচারপতি? সেই প্রশ্ন উঠছে৷ আগামী ৮ আগস্ট ফের শুনানি৷ সেদিন আদালত সেই সব কেস ডায়েরি দেখবে।












Click it and Unblock the Notifications