একই দিনে অপসারিত দুই ডিআই! দুর্নীতির প্রশ্নে শিক্ষা দফতরকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
মুর্শিদাবাদের পর দক্ষিণ ২৪ পরগনার ডিআইকেও অপসারণের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই দিনে অপসারিত হলেন দুই ডিআই। এই নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বাকি ডিআইদের কাছেও বার্তা যাবে। এটা ডিআই-এর ভুল নয়, ওভার স্মার্টনেস।
২০১৯ সালে রবীন্দ্রনাথ হালদার নামে এক প্রাথমিক শিক্ষকের মৃত্যু হয়। তাঁর প্রথম স্ত্রী কুসুম হালদার। দ্বিতীয় স্ত্রী সুজাতা বন্দ্যোপাধ্যায়। প্রথম স্ত্রীর বর্তমানে দ্বিতীয় বিবাহ বৈধ নয় বলে জানিয়েছিল আদালত। অথচ পেনশনের টাকা প্রথম স্ত্রীর বদলে দ্বিতীয় স্ত্রীকে দেন ডিআই। কীভাবে দ্বিতীয় স্ত্রীকে পেনশন দেওয়ার অনুমতি দিলেন ডিআই সুজিতহাইত? প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবীর।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই সিদ্ধান্ত একটি ক্যাসুয়াল ম্যানার ছিল। তিনি মন্তব্য করেন, ডিআই জমিদার নাকি! আজ থেকে আর ডিআই থাকার দরকার নেই। মামলার শুনানিতে তিনি ওই ডিআই-এর পারিবারিক সম্পত্তির তদন্তের নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দেন।
সেইসঙ্গে তিনি বলেন, বর্তমান ডিআইকে সরিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি অন্য কাউকে সেই পদে বহাল করবেন। ওই পদ থেকে সরে যাবেন ডিআই। তবে চাকরি বাতিল নয় বলে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।
এর আগে দু-সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের ডিআইকে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ডিআই যে কাজ করেছেন তা আদালত ভালো চোখে দেখছে না। তাই ডিআইকে পদ থেকে অপসারণ করতে হবে।
তিনি অন্য দফতরে চাকরি করতে পারেন। ডিআই পদে চাকরি করার যোগ্য তিনি নন। তিন সপ্তাহের মধ্যে মামলাকারীকে বাড়ির কাছের স্কুলে বদলি করতে হবে বলেও নির্দেশ দেন বিচারপতি। ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ কার্যকর এর বিষয়ে জানাতে হবে।












Click it and Unblock the Notifications