দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, অমিত শাহ ডেকে পাঠিয়েছেন বোসকে?
তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বৃহস্পতিবার বিকেলেই দিল্লি পাড়ি দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন। সেই বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। গতকাল বুধবার মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার অংশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসাত্মক বক্তব্য রেখেছেন। বিরোধীদের উপর আক্রমণ করার নির্দেশ আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি। এমনই বক্তব্য রাজ্য বিজেপি নেতাদের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকালই চিঠি পাঠিয়েছিলেন।

আজ কলকাতার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। রাজ্যের পরিস্থিতি, আরজি কর কাণ্ড, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের বক্তব্য। এই সব কিছু নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছেন সুকান্ত ও দিলীপ৷ পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা।
এদিন সুকান্ত মজুমদার বলেছেন, " রাজ্যপালকে জানিয়েছি আপনি আমাদের ভরসা। আপনি দেখুন। যে হিংসার কথা মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল, তাতে বাংলায় গৃহযুদ্ধ বাঁধবে ভবিষ্যতে।" তিনি আরও বলেন,
" গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন, বাইরের রাজ্য জ্বালিয়ে দেব। এর মধ্যে আমরা বাংলাদেশের জামাতদের বক্তব্যের মিল দেখছি। রাষ্ট্রপতি, সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছেন।"
সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। তারপরেই রাজভবনের তরফ থেকে রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা জানানো হয়। কেন দিল্লি যাচ্ছেন রাজ্যপাল? তড়িঘড়ি দিল্লি যাওয়ার কী কারণ? সেই প্রসঙ্গ উঠে এসেছে। তাহলে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যপালকে ডেকে পাঠিয়েছেন?
রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক হবে? মুখ্যমন্ত্রীর মেয়ো রোডের বক্তব্য, আরজি কর কাণ্ড সহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্য শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? একাধিক প্রশ্ন বঙ্গ রাজনীতিতে এখন ঘুরপাক খাচ্ছে।












Click it and Unblock the Notifications