Durga Puja 2023: খুঁটিপুজোয় থিম ঘোষণা করল ঢাকুরিয়া শহীদ নগর সর্বজনীন, থাকছে কোন চমক?
Durga Puja 2023: পুজো আসতে আর মাস তিনেক। বিভিন্ন পুজো কমিটি শুরু করে দিয়েছে খুঁটিপুজো। কোথাও আবার শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ। রবিবার শহরের নানা প্রান্তে খুঁটিপুজো হয়েছে। যার মধ্যে অন্যতম ঢাকুরিয়া শহীদনগর সর্বজনীন।
এই পুজো এবার পদার্পণ করেছে ৭৪ বছরে। সাবেকি পুজো ছেড়ে এই নিয়ে দ্বিতীয়বার থিমপুজো হচ্ছে এখানে।

থিমের নাম পদ্মালয়ে পদার্পণ। ছিল বৈঠকি আড্ডা প্রারম্ভ। সবেতেই 'প'-কে প্রাধান্য। এই ক্লাবের যুগ্ম সম্পাদক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও জয়বন্ধু মুখোপাধ্যায় জানালেন, পুজোয় পদ্ম, পাখা-সহ এমন অনেক কিছু লাগে যার শুরু হচ্ছে প দিয়ে। পদ্মে অধিষ্ঠিতা দেবী। এই সব কিছুকে মাথায় রেখেই থিম পদ্মালয়ে পদার্পণ।

ঢাকুরিয়ায় কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডে হয় এই পুজো। মহালয়ায় দেবী প্রতিমার চক্ষুদানের পরেই উদ্বোধন। সেখানেও থাকছে সারপ্রাইজ। যা এখনই জানাতে চাইছেন না পুজো উদ্যোক্তারা। প্রতিমা তৈরি করছেন সনাতন পাল। থিম মিউজিকের দায়িত্বে ক্যাকটাসের লিড ভোকালিস্ট সিধু। আলোকসজ্জার দায়িত্বে দেবাশিস দাস।

মানস রায়ের কাঁধেই যাবতীয় পরিকল্পনার গুরুদায়িত্ব। তিনি জানিয়েছেন, এটি কলকাতার কলোণি এলাকা। সেখানকার পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখে পুজো-পার্বণের উৎসবের আবহ তুলে ধরতে চাইছি। বাজেটে কলকাতার বড় পুজো কমিটিগুলিকে টেক্কা দেওয়া সম্ভব নয়। তবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে থিম-ভাবনায় বাকিদের সঙ্গে টক্কর দিতে আমরা প্রস্তুত।
বৈঠকী আড্ডায় উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক, ক্যাকটাসের লিড ভোকাল সিধু, বিশিষ্ট ফটোগ্রাফার অতনু ঘোষ, বিশিষ্ট চিত্রশিল্পী বিমল কুন্ডু, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবি-সহ একাধিক বিশিষ্টজনেরা।












Click it and Unblock the Notifications