Dilip Ghosh: "মমতা যা বলবেন, শুনে বাড়ি ফিরতে হবে," নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের বৈঠক নিয়ে দাবি দিলীপ ঘোষের
Dilip Ghosh: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে যোগ্য ও অযোগ্য বিবাদে রণক্ষেত্র হয় স্টেডিয়ামের বাইরের চত্বর। মমতার সঙ্গে বৈঠকে আদৌও চিড়ে ভিজবে? সেদিকে তাকিয়ে সব মহল। যদিও মমতার বৈঠকে কিছুই কাজের কাজ হবে না বলে দাবি বিজেপির। এব্যাপারে একমাত্র আদালতই ভরসা স্থল বলে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের।
এদিন দিলীপ ঘোষ বলেন, "'যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, ওটা শুনেই চুপচাপ বাড়ি আসতে হবে। আরজি করের ডাক্তারদের সঙ্গে করা হয়নি? তাহলে কেন বোকামি করতে যাচ্ছেন?" শিক্ষকদের উদ্দেশ্য়ে বলেন দিলীপ। তাঁর আরও পরামর্শ, "সমাধান হচ্ছে কোর্টের হাতে। কোর্ট যা বলছে সেটা করতে হবে। অথচ কোর্ট বলার পরেও সরকার বলছে দেখছি, করছি। চেয়ারম্যান (SSC) বলছেন সময় নেই।" সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ দিলীপ ঘোষের।

মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে নিয়োগ করতে চাইছেন বলে আক্রমণ দিলীপের। তিনি আরও বলেন, "কোর্টে যান, বিকাশবাবুকে ধরুন। আবার শুনানি শুরু করুন। আরজি করের শুনানি যেমন আবার শুরু হয়েছে। যেটা প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি বলেছেন নতুন কমিটি গড়তে। সেখানে তাঁকে, বিকাশবাবুকে বা সরকারি প্রতিনিধিদের রাখতে। সেটা করুন। মমতা ব্যানার্জি চাইছেন আবার পেছন দরজা দিয়ে টাকা নিয়ে চাকরিহারাদের ঢুকিয়ে দিতে।"
প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পাস নিয়ে বাঁধে গন্ডগোল। পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়ান চাকরিহারা শিক্ষকরা। টাকার বিনিময়ে পাস বিক্রির অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। অবৈধভাবে পাস দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে।
পরে পাস দেখে নেতাজি ইন্ডোরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হয় চাকরিহারা শিক্ষকদের। এদিকে যাদের পাস নেই তারা পড়েছেন বিড়ম্বনায়। যাঁদের কাছে পাস নেই, তাঁদের শান্ত হয়ে দাঁড়াতে বলা হয়। বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ। সকাল সাড়ে এগারোটা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications