Jadavpur University News: যা ছবি-ভিডিও আছে সব নিয়ে আসুন...যাদবপুর কাণ্ডে সৃজনকে ডাকল কলকাতা পুলিশ
Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নয়া মোড়! এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল কলকাতা পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। যাদবপুরের ঘটনায় এবং শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঘটনায় সৃজন বেশ কিছু ছবি এবং ভিডিও সামনে আনেন।
একেবারে সাংবাদিক বৈঠক করে সেই সমস্ত ছবি ভিডিও তুলে ধরে ঘটনার (jadavpur university news) ভয়াবহতা তুলে ধরার চেষ্টা করেন বামনেতা।এরপরেই তাঁর কাছে পৌঁছে গিয়েছে পুলিশের নোটিশ। যেখানে সমস্ত নথি, ছবি এবং ভিডিও নিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিও ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। সেই মতো আজ শনিবার সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাবেন বলে জানিয়েছেন সৃজন। এমনকী তদন্তে সবরকম ভাবে সাহায্য করবেন বলেও জানিয়েছেন।
তবে বামনেতার দাবি, তাঁকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই ঘটনায় যারা দোষী তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে কেন পুলিশের এতে গড়িমাসী তা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকী ঘটনার কয়েকদিন কেটে গেলেও কেন এখনও যারা দোষী তাঁদের পুলিশ ডাকল না তা নিয়েও প্রশ্ন তোলেন এফএফআই নেতা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ওয়েবকুপার একটি বৈঠক ঘিরে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই বৈঠকে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাতে থাকেন আন্দোলনকারী পড়ুয়ারা। আর তা একেবারে রণক্ষেত্রের আকার নেয়। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। এমনকী তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও আহত হন বলে খবর। এই ঘটনার পর দ্রুতগতিতে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান ব্রাত্য বসু। সেই সময় তাঁর গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হন বলে অভিযোগ। আর তা ঘিরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
শাসকদল তৃণমূলের দাবি ছিল, এই ঘটনা সত্য নয়। সাজানো বলে দাবি করেন অরূপ বিশ্বাস সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এমনকী তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বেশ কিছু ছবি-ভিডিও সামনে এনে ঘটনার সত্যতা নিয়ে কার্যত প্রশ্ন তোলেন। এর পাল্টা হিসাবে এসএফআই'য়ের তরফেও পাল্টা একাধিক ছবি-ভিডিও প্রকাশ করা হয়।












Click it and Unblock the Notifications