Jorabagan Mysterious Death: ভূত চতুর্দশীর রাতে একাকী প্রৌঢ়কে খুন! বন্ধ ঘর থেকে মিলল রক্তাক্ত দেহ
Jorabagan Mysterious Death: কালীপুজোর সকালে শহরে রহস্যমৃত্যু। উত্তর কলকাতার জোড়াবাগানে একটি বাড়ির বন্ধ ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ (Body Found)। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ ব্যানার্জি, বয়স ৫৮। পেশায় বিমা সংস্থার কর্মী ওই প্রৌঢ়ের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।
জানা গিয়েছে, জোড়াবাগান থানা (Jorabagan PS) এলাকার সেন লেনে চারতলা বাড়ি রয়েছে ওই প্রৌঢ়ের। পাঁচতলার চিলেকোঠার ঘরে একাই থাকতেন ওই প্রৌঢ়। নীচের তলায় থাকতেন তাঁর দিদি। প্রতিবেশীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাড়ার লোকেরা রাতের খাবার কিনে ঘরে যেতে দেখেন ওই প্রৌঢ়কে।

প্রতিবেশীরা আরও জানান, ওই প্রৌঢ় পায়রা পুষতেন। সেই পায়রা বিক্রিও করতেন। তাঁর মদ্যপানেরও অভ্যেস ছিল বলে জানান স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে গাড়ি ভাড়া করে কোথাও যাওয়ার কথা ছিল তাঁর। গাড়িচালককে আগাম ১ হাজার টাকা দিয়েও রেখেছিলেন বলে জানা যায়।
সকালে গাড়ির চালক ডাকতে গেলে দরজা বন্ধ পান। সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান। এরপর প্রমোদ গুপ্তা নামে একজন প্রতিবেশী পিছন দিক দিয়ে ছাদের দরজা ঠেললে তা খুলে যায়। ছাদের দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে ওই প্রৌঢ়কে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
মেঝেতে চাপ চাপ রক্ত। অভিজিতের দেহের উপরের অংশও রক্তাক্ত ছিল। এরপরই জোড়াবাগান থানায় খবর দেওয়া হয়। লালবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছন হোমিসাইড শাখার আধিকারিকরা। ডগ স্কোয়াড নিয়ে চলে তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছন ডিসি নর্থ দীপক সরকার।
পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন (Murder) করা হয়েছে ওই প্রৌঢ়কে। অপরাধী ছাদের দিকের দরজা দিয়ে পালিয়েছে বলেও অনুমান পুলিশের। রক্তের দাগ দেখেও কীভাবে খুন করা হয়েছে তা আন্দাজ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications