রাহুল দরজা খুলেছিলেন, খিল এঁটে দিলেন দিলীপ! শোভনকে নিয়ে আড়াআড়ি ভাগ বিজেপি
রাহুল সিনহা তো সরাসরিই বলেছিলেন শোভন চট্টোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দিতে চান, তবে তাঁর জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু বিজেপির সেই দরজায় খিল এঁটে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ক'দিন ধরেই শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যাওয়া নিয়ে রাজ্য-রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। রাহুল সিনহা তো সরাসরিই বলেছিলেন শোভন চট্টোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দিতে চান, তবে তাঁর জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু বিজেপির সেই দরজায় খিল এঁটে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সাফ জানালেন, শোভনকে নিয়ে দলেই দ্বিমত রয়েছে।

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে কদিন ধরেই রাজ্য রাজনীতি চড়ছিল জল্পনার পারদ। নিছক জল্পনাই নয়, বিজেপির সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছিল বলে সূত্রের খবর। বৈশাখী জানিয়েছিলেন, আমরা যদি বিজেপিতে যাই সবাইকে জানিয়েই যাব। তবে শোভন চট্টোপাধ্যায় এ ব্যাপারে মুখ খোলেননি।
এরই মধ্যে রাহুল সিনহা জানান, আমরা দরদা খুলে রেখে দিয়েছি। শুধু শোভনবাবু কেন, যে কেউ আসতে পারেন তাঁদের দলের। সবাইকে স্বাগত। রাহুল সিনহার সেই বার্তার পর যখন মনে হচ্ছিল শোভন-বৈশাখীর বিজেপিতে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা, তখনই বিজেপির রাজ্য সভাপতি বেসুরো গাইতে শুরু করলেন।
নারদ-মামলায় অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়কে তিনি যে বিজেপিতে চান না, তা স্পষ্ট করে দিলেন। একইসঙ্গে এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বকেও দিলেন মোক্ষম বার্তা। জানিয়ে দিলেন, রাজ্যে বিজেপিকে এতদূর নিয়ে এসেছেন কর্মীরা। তাঁদের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। বাইরের কারও সাহায্য দরকার নেই। তবু যদি চাপিয়ে দেওয়া হয়, গিলতে হবে তাঁকে।
দিলীপের এই বার্তায় কেন্দ্রীয় নেতৃত্বের দিকেই রয়েছে তির। শোভনের মতো অনেকের আগমন যে বিজেপির একাংশ মানতে পারছে না, দলের মধ্যেই ক্ষোভ তৈরি হচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়কে বিজেপিতে প্রবেশ করতে গেলে 'পিছনের দরজা' দিয়েই আসতে হবে।












Click it and Unblock the Notifications