উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর
মাদুরদহের বাড়ি নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
মাদুরদহের বাড়ি নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। মাদুরদহের বাড়ি তৈরিতে সরকারি নথিকে সম্বল করেই তিনি আইনি লড়াইয়ের পথে নামছেন, জানিয়েছেন ভারতী ঘোষ।

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ দায়ের করেছে সিআইডি। তার মধ্যে রয়েছে অসাধু উপায়ে তৈরি করা হয়েছে মাদুরদহের বাড়ি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভারতী ঘোষ। বাড়ি তৈরি সংক্রান্ত প্রয়োজনীয় নথি রয়েছে তাঁর কাছে। সেই নথিতেই তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলে বিশ্বাস ভারতী ঘোষের।
যদিও সিআইডির তরফে খবর, ভারতী ঘোষ বিষয়টি নিয়ে মামলা করলে, তখন বিষয়টি নিয়ে চিন্তা করবে তারা। যে প্রমাণ ভারতী ঘোষের হাতে রয়েছে, তার ওপর ভিত্তি করেই মামলার মোকাবিলা করা হবে বলে সিআইডি সূত্রে খবর।
মাদুরদহের জমি এবং তার ওপরে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে ভারতী ঘোষের বিরুদ্ধে অসাধু উপায়ে উপার্জিত টাকা বিনিয়োগের অভিযোগ আনা হয়েছে। ভারতী ঘোষের দাবি অনুযায়ী, মাদুরদহের জমির মালিক হিসেবে তৎকালীন ডিএসপির নাম হয়েছে। সেই সময় সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। ফলে বাড়ি তৈরির অনুমতিপত্রে তাঁর স্বামী এমএভি রাজুর নাম রয়েছে।
এর আগে নিজের স্বামীকে গ্রেফতারের পর ভারতী ঘোষ অভিযোগ করেছিলেন, রাষ্ট্রশক্তি তার পিছনে উঠেপড়ে লেগেছে। মিথ্যা মামলায় একজন নিরীহ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী পর্যায়ে মেদিনীপুর সংশোধনাগারে এমএভি রাজুকে রাখা নিয়েও আশঙ্কাপ্রকাশ করেছেন ভারতী ঘোষ। সেখানে মাওবাদী বন্দিরা থাকায়, এমএভি রাজুর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছেন ভারতী ঘোষ।
ভারতী ঘোষ জানিয়েছেন, তাঁর স্বামী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি সিআইডিকে ১০ বছরের সম্পত্তির হিসেব দিয়েছিলেন বলেও দাবি করেছেন ভারতী ঘোষ।












Click it and Unblock the Notifications