BGBS: "বাংলায় আর লোডশেডিং, ধর্মঘট হয় না," বিনিয়োগ টানতে কর্মদ্যোগের কথা মমতার; দেউচা-পাচামি নিয়েও বড় ঘোষণা
Mamata at BGBS: নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বিনিয়োগ টানতে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বাংলার সরকারের সামাজিক প্রকল্প তুলে ধরে বিরোধীদের কটাক্ষ নিয়েও জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামি (Deucha Pachami Coal Plant) কয়লাখনি প্রকল্প নিয়েও বড় ঘোষণা মমতার।
এদিন মঞ্চে উঠেই মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) ধন্যবাদ জানিয়ে রসিকতা করে মমতা বলেন, "মুকেশ তো সবই বলে দিল, আমি আর কী বলব?" বিজিবিএসের মঞ্চে লক্ষ্মীর ভান্ডার, শিক্ষাশ্রী, কন্যাশ্রী ও দুয়ারের সরকারের কথা বললেন মমতা। বিরোধীদের কটাক্ষ নিয়ে জবাব দিতে গিয়ে মমতা বলেন, "অনেকেই প্রশ্ন তোলেন বাণিজ্য সম্মেলন করে কী হবে। কিন্তু আমাদের দেখে বাকি রাজ্যগুলোও বাণিজ্য সম্মেলন করছে। পরবর্তী প্রজন্মের জন্য এই সম্মেলন জরুরি।"

বাংলায় বিনিয়োগের (Investment) প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য মমতার। নারী ক্ষমতায়নে বাংলা এক নম্বরে বলে উল্লেখ করেন তিনি। পূর্বতন বাম সরকারকে নিশানায় রেখে মমতার বক্তব্য, "এখন আর লোডশেডিং হয় না। বাংলায় ধর্মঘট হয় না। কর্মসংস্কৃতি ফিরেছে।" চাইলেই আগামিকাল থেকেই দেউচা পাচামিতে কয়লা উত্তোলন করা যেতে পারে বলে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
দেউচা পাচামির জমিদাতাদের চাকরি দেওয়া হবে বলেও জানান মমতা। দেউচা পাচামি প্রকল্পের পরিকাঠামো তৈরি রয়েছে বলে জানান মমতা। আগামী ২৯ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে বলে বাণিজ্য সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী। শেষে মমতা বলেন, "বাংলাকে ভুলে যাবেন না, বাংলা আপনাদেরই ঘর।" বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, প্রত্যেক বছরের মতো ৫ ও ৬ ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বুধবার ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন। সেখানেই হাজির হন মুকেশ অম্বানি, সজ্জল জিন্দল-সহ বাকি শিল্পপতিরা। বিদেশ থেকে বিজিবিএসে এদিন উপস্থিত ছিলেন ২০০ জন প্রতিনিধি।
বাংলায় বিনিয়োগের প্রতিশ্রুতি অম্বানি-সহ বাকিদের। মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ভুটানের মন্ত্রীও। আগামী দশ বছরে বাংলায় বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি রিলায়েন্স গোষ্ঠীর। ৫০ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি। বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন হর্ষ নেওটিয়া, সজ্জল জিন্দলরা।












Click it and Unblock the Notifications