তুরস্কে শ্যুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন মিমি, ব্রাত্য, বিরসারা
আঙ্কারা, ১৬ জুলাই : তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় জড়িয়ে গেল কলকাতার নাম। আরও নির্দিষ্ট করে বলতে গেলে টালিগঞ্জের নাম। এই ঘটনায় বিক্ষুব্ধ সেনারা সরকারের পতন ঘটাতে না পারলেও টালিগঞ্জের একটি সিনেমার শ্যুটিংয়ের কাজ পণ্ড করে দিয়েছেন।
গোটা দেশে অস্থিরতা তৈরি হওয়ায় অভিনেত্রী মিমি চক্রবর্তী, ব্রাত্য বসু ও বিরসা দাশগুপ্তরা ইস্তানবুলে আটকে পড়েছেন। তবে তাঁরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতে প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য দল নিয়ে তুরস্কে পাড়ি দেন পরিচালক বিরসা দাশগুপ্ত। সঙ্গে যান মিমি ও ব্রাত্য বসুরা। সেখানে বেশ কয়েকদিনের শ্যুটিং করার কথা ছিল তাঁদের।
কয়েকদিনের শ্যুটিংয়ের কাজ হয়েও গিয়েছে। আর কয়েকদিনের কাজ বাকী রয়েছে। তার মাঝেই এই সেনা বিদ্রোহের ঘটনা ঘটেছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত ইস্তানবুলে থাকার কথা রয়েছে গোটা ফিল্ম ইউনিটের। এখন দেখার কবে ফের তারা শ্যুটিং শুরু করেন নাকি ফেরত চলে আসেন।












Click it and Unblock the Notifications