দিদির তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছেন কেজরি! মমতার বাংলায় ঘাঁটির খোঁজে আপ
দিদির তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছেন কেজরি! মমতার বাংলায় ঘাঁটির খোঁজে আপ
দিদির তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে গেল ভাইয়ের আম আদমি পার্টি। স্বল্প দিনেই দিল্লির বাইরে কোনও রাজ্যে তারা ঘাঁটি গাড়তে সফল হল। কিন্তু তৃণমূল সেই কাজ করে দেখাতে পারেনি এখনও। ২০২১-এ রেকর্ড সংখ্যক আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় এলেও ভিনরাজ্যে হাত বাড়িয়ে কিছুই পায়নি তৃণমূল, সেখানে পাঞ্জাবের কুর্সি দখল করে আপ এখন পাখির চোখ করেছে দিদির বাংলাকেও।

আপ পাঞ্জাব জিতে কয়েক কদম এগিয়ে
২০২১-এ বিজেপিকে পর্যুদস্ত করে ত্রিপুরা ও গোয়ায় সংগঠন বাড়াতে শুরু করেছিল। কিন্তু দুই রাজ্যেই এখনও বলার মতো কিছুই করেনি তৃণমূল। গোয়ায় বিধানসভা নির্বাচনে অনের স্বপ্ন দেখিয়েও একটা আসন দখল করতে পারেনি। সেখানে আপ তবু দুটি আসন দখল করেছে। আর সবথেকে বড় কথা আপ পাঞ্জাব রাজ্যের মসনদ দখল করেছে।

মুখে না বলে কাজে করে দেখাচ্ছে আপ
এবার পাঞ্জাবে ইতিহাস সৃষ্টি করে অরবিন্দ কেজরিওয়াল এবার বাংলা-সহ অনেক রাজ্যকেই পাখির চোখ করেছে। এর আগে পাঞ্জাবে বিরোধী দল হিসেবে উত্থান হয়েছিল আপের। এবার শাসক দল তারা। দিল্লির পর পাঞ্জাব ছাড়াও আরও অনেক রাজ্যেই ঘাঁটি গেড়েছে আম আদমি পার্টি। তাঁরা মুখে না বলে কাজে করে দেখাতে বেশি তৎপর।

তৃণমূলকে যেখানে পিছনে ফেলে দিচ্ছে আপ
তৃণমূল ভোটে না লড়েই এই মুহূর্তে মেঘালয়ের প্রধান বিরোধী দল হয়েছে। এর আগে ত্রিপুরাতেও তারা প্রধান বিরোধী দল ছিল। কিন্তু ভোট ময়দানে কিছুই করতে পারেনি। আপ কিন্তু তৃণমূলের মতো দল ভাঙিয়ে কোনও রাজ্যেই রাতারাতি বিরোধী দল বা শাসক দলে পরিণত হতে চায়নি বা হয়নি। তারা প্রথমে সংগঠনের ভিত মজবুত করেছে। তারপর তারা ঝাঁপিয়ে পড়েছে রাজ্য দখলে।

কেজরির আপের টার্গেট বাংলার পঞ্চায়েত
তার ফলস্বরূপ পাঞ্জাবে জয়যুক্ত হয়েছে আম আদমি পার্টি। তারা এবার বাংলায় সংগঠনের বিস্তার করতে চাইছে। সে জন্য তারা কেন্দ্রীয় পার্টি অফিসও খুঁজতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে আম আদমি পার্টি। তারা মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে। এবং টার্গেট করেছে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের ঝালিয়ে নেওয়ার।

কলকাতার বুকে ঘাঁটি গাড়তে আপের পরিকল্পনা
আপের লক্ষ্য ২০২৬ নির্বাচনে বাংলায় প্রভাব বিস্তার করার। সেই লক্ষ্য নিয়েই ধাপে দাপে এগোচ্ছে তারা। দক্ষিণ কলকাতায় কেন্দ্রীয় পার্টি অফিসের খোঁজ করছে আপ। তারপর কলকাতা থেকেই বিভিন্ন জেলায় সংগঠনের বিস্তারলাভ করা তাদের লক্ষ্য। কিন্তু আদৌ খাস কলকাতার বুকে তারা পার্টি অফিস গড়ে তুলতে পারে কি না, সেটাই দেখার।

পাঞ্জাবে জিতে লক্ষ্য প্রসারিত আম আদমি পার্টির
শুধু বাংলা নয়, আরও অনেক রাজ্যকেই টার্গেট করেছে আম আদমি পার্টি। তাঁদের নজরে রয়েছে কংগ্রেসশাসিত ছত্তিশগড়। মোট কথা, বেশ কিছু রাজ্যে তারা গোকুলে বেড়ে চলেছে। তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মতো রাজ্যও। রয়েছে রাজস্থান ও হরিয়ানাও। গুজরাটেও তারা পা দিতে চাইছে। ইতিমধ্যেই তারা দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতায় এসেছে, এবার ২০২২-এর নির্বাচনে সাফল্যকে পাথেয় করে তারা আরও অনেক রাজ্যে ছড়িয়ে পড়তে চাইছে।












Click it and Unblock the Notifications