বিজেপির বিরুদ্ধেই দেশবিরোধী স্লোগান! খালিস্তানি বিতর্ক বাংলায় ব্যাকফুটে ফেলবে শুভেন্দুদের?
খালিস্তানি প্রসঙ্গ কি এবার ব্যাকফুটে ফেলতে পারে বঙ্গ বিজেপিকে? সন্দেশখালি কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, স্লোগান তুলেছেন বিজেপি নেতৃত্ব। গতকাল বুধবার শুভেন্দু অধিকারী সন্দেশখালি ঘুরে সম্পূর্ণ মিডিয়া ফোকাস রেখেছিলেন তাঁর দিকে।
কিন্তু খালিস্তানি বক্তব্য বিতর্ক এখন রীতিমতো প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। বুধবার সকাল থেকে কলকাতার বিজেপি কার্যালয়ের সামনে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। শিখ ধর্মালম্বীরা বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলেছেন।

সন্দেশখালিতে ঢোকার আগে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বচসা হয়েছিল। পাগড়ি পরা এক আইপিএস অফিসারের দিকে খালিস্তানি কটাক্ষ উড়ে এসেছিল। এই কটাক্ষ কে করেছে ? তাই নিয়ে জোর চর্চা চলছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপির কেউ এই কাজ করতে পারে না। অন্য ধর্মের প্রতি বিজেপির সম্মান, আস্থা রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখাতেই কি ওই আইপিএস অফিসার নিজে খালিস্তানি প্রসঙ্গ উত্থাপন করেছিলেন? এই বিতর্ক উস্কে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শিখদের মধ্যে এই প্রসঙ্গে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। গতকাল কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিল শিখেরা। তৃণমূলের লোক বলে তাদের শুভেন্দু দেগে দিয়েছিলেন।
ফলে বিক্ষোভ বুধবার আরও বেশি দানা বেধেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিখরা হাজির হতে শুরু করেছেন। রীতিমতো মঞ্চ বেঁধে বিজেপি কার্যালয়ের বাইরে শিখরা বিক্ষোভে শামিল হয়েছেন। 'বিজেপি দেশবিরোধী' এই স্লোগান তোলা হচ্ছে। অবিলম্বে ওই বক্তব্যের জন্য বিজেপি নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে। এই দাবিও উঠছে।
বিজেপি পার্টি অফিসের সামনে কবে কোন মঞ্চ করে স্লোগান দেওয়া হয়েছে? তাদের কার্যালয়ের সামনেই বিজেপিকে দেশবিরোধী বলা হচ্ছে! এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সন্দেশখালি ইস্যুতে মাইলেজ পেয়েছে বঙ্গ বিজেপি। এ কথা সত্যি। কিন্তু খালিস্তানি প্রসঙ্গে বিজেপি কি এবার চাপে পড়তে চলেছে? পচা শামুকে পা কাটবে না তো শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলদের?
গতকাল আসানসোলে বিধায়ক অগ্নিমিত্রা পলের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। বিজেপির রাজ্য সদর দফতরের বাইরে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানো হচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও স্লোগান উঠেছে। কোন কৌশলে বিজেপি শিখদের ক্ষোভ প্রশমিত করবে? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications