ইডির জেরার মুখোমুখি বালুর আপ্ত সহায়ক অমিত দে, তথ্য সামনে আসবে?
মন্ত্রী গ্রেফতার। মন্ত্রী ঘনিষ্ঠ ফের জেরার মুখে। নতুন একাধিক তথ্য বার করতে চাইছে ইডি? দীর্ঘ সময় মন্ত্রী ঘনিষ্ঠ অমিত দের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। ফের তাকে জেরার মুখে পড়তে হল।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি দফ্তরে অমিত দে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তার নাগেরবাজারের ফ্ল্যাটে তল্লাশি চলে। জিজ্ঞাসাবাদ করা হয় অনেকটা সময় ধরে। ইডি আধিকারিকরা বেশ কিছু নথি নিয়ে আসেন ওই বাড়ি থেকে। আজ শনিবার তাকে ইডি দফতরে যেতে বলা হয়।

এই খবর লেখার সময় তিনি ইডি দফতরেই রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ১৮ ঘন্টা তল্লাশি অভিযান চলেছিল কলকাতার নাগেরবাজারের স্বামী বিবেকানন্দ রোডের ভালোবাসা আবাসনে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দে সপরিবারে সেখানেই থাকেন।
ইডির ছয় সদস্যের তদন্তকারী আধিকারিক ওই ফ্ল্যাটে হানা দেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার পর ওই ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন ইডির আধিকারিকরা। বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছিলেন তারা। মন্ত্রীর আপ্ত সহায়ক কতটা দুর্নীতির বিষয়ে জানেন? সেই প্রশ্ন আগেই উঠছিল।
রাজ্যের রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার আপ্ত সহায়ক হিসেবে অমিত দে অনেকটা সময় ধরে আছেন। ফলে এই দুর্নীতির অনেকটাই অমিত দে জানেন। এমনই বিশ্বাস করছেন তদন্তকারীরা। তার সামনে একাধিক প্রশ্ন উঠে আসতে পারে।
বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগের কথা বলা হচ্ছে। সেই বিষয়ে তিনি কী জানেন। তিনটি ভুয়ো সংস্থা তৈরি করে কয়েক কোটি টাকা বিনিয়োগের কথা কানে আসছে। সেই সংস্থা সম্পর্কেও অমিত রায়ের কাছে তথ্য থাকবে। এমন আন্দাজ করছেন আধিকারিকরা।
জ্যোতিপ্রিয় মল্লিক ও রেশন বণ্টন দুর্নীতির তথ্য পেতে অমিত দে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য আসতে পারে। এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications