West Bengal Bypolls Result 2024: গণনা শুরু হতেই চার কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা
বিধানসভা উপনির্বাচনের প্রাথমিক ট্রেন্ডে চার কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডের গণনার শেষেই হাজার খানেক ভোটে এগিয়ে গিয়েছেন সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এখনও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি রয়েছে। এমনকী বিজেপির দখলে থাকা বিধানসভা কেন্দ্র গুলিতেও শাসক দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। যদিও সকাল থেকেই বাগদা বিধানসভার উপনির্বাচনে কারচুপি হতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

গতকাল রাত থেকেই বাগদায় গণনা কেন্দ্রের বাইরে ক্যাম্প করেছেন তিনি। শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন বাইরে থেকে গণননা কেন্দ্রে লোক ঢোকানো হতে পারে। গণনা কেন্দ্রে যাতে কোনও রকম কারচুপি হতে না পারে সেকারণেই তিনি রাত থেকে সেখানে বসে রয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস কাউন্টিং সেন্টারে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হয় সেখানে।
ভোটের দিন রীতিমতো আক্রান্ত হতে হয়েছিল বাগদার বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল। কোনও রকমে সেখান থেকে পালিয়ে বেঁচে ছিলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী।
বিজেপির টিকিটে গতবার জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোটের পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শাসক দল তাঁকে লোকসভা ভোটের টিকিট দিয়েছিল। কিন্তু জিততে পারেননি মুকুটমণি অধিকারী। আবার বিধানসভা উপনির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়েছে। এই কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন তিনি।
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী অধিকারী। ২০২১-র বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তিনি। তারপরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে আবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। গণনা শুরু হতেই প্রথম বেশ কয়েকটি রাউন্ডের শেষে এগিয়ে গিয়েছেন তিনি। ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।












Click it and Unblock the Notifications