তোলাবাজির 'বিষবৃক্ষ' পুঁতেছিলেন মমতাই! সঙ্গে আর যা বললেন 'খাদের কিনারা'য় থাকা এই নেতা
মমতা বন্দ্যোপাধ্যায়ই তোলাবাজি শুরু করেছিলেন। কার্যত এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যের উন্নয়ন নিয়ে কটাক্ষ করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ই তোলাবাজি শুরু করেছিলেন। কার্যত এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যের উন্নয়ন নিয়ে কটাক্ষ করেছেন তিনি। এর আগেও মুখ্যমন্ত্রী দ্বিচারিতার রাজনীতি করেন বলে অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী।

অধীর চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তোলাবাজির 'বিষবৃক্ষ' পুঁতেছিলেন তার ফল কখনোই 'সুমিষ্ট' হতে পারে না।
প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, এরাজ্যে 'উন্নয়ন' যদি কিছু হয়ে থাকে, সে হল তোলাবাজদের 'উন্নয়ন', সিন্ডিকেট রাজের 'উন্নয়ন', স্বেচ্ছাচারিতার 'উন্নয়ন'।
শুধু কলেজ না, 'সততার বুলি' ছেড়ে সত্যিকারের সততার সঙ্গে সারা রাজ্য একবার আমলা আর নেতাদের বাদ দিয়ে নিজের চোখে একা একা ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, তিনি নিজেই দেখুন, তিনি আর তাঁর সাঙ্গপাঙ্গরা মিলে কী অবস্থা করেছেন রাজ্যটার।
হুমকি ধমকি না দিয়ে সাধারণ লোকের মনের কথা জানার চেষ্টা করুন মুখ্যমন্ত্রী। এমনটাই আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী। একবার অন্তত সত্যিকারের সততার সঙ্গে মুখ্যমন্ত্রী স্বীকার করুন যে তিনি সোনার বাংলাটাকে তোলাবাজ গুণ্ডা মাফিয়ার 'আখড়ায়' পরিণত করেছেন।
এর আগেও কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন অধীর চৌধুরী। তিনি বলেছিলেন বরাবরই দ্বিচারিতার রাজনীতিতে বিশ্বাস করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক খুন থেকে মূল্যবৃদ্ধি এমন কী এসপির বদলি নিয়েও তৃণমূল নেত্রী দ্বিচারিতা করেছেন বলে অভিযোগ ছিল অধীর চৌধুরীর।












Click it and Unblock the Notifications