Abhishek Banerjee: রক্তবর্ণ চোখ, অষ্টম অস্ত্রোপচার শেষে কেমন আছেন অভিষেক?
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য 'ছোট্ট বিরতি' নিয়েছিলেন। সোমবার রাতে স্বাস্থ্যের আপডেট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এক্স হ্যান্জেলে রক্তবর্ণ চোখের ছবি দিয়ে লিখলেন, অষ্টম অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
অভিষেক লেখেন, "আমার চোখের অস্ত্রোপচারের পর সকলের শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ। ২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগেছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। সবটাই ভালোভাবে মিটেছে। যদিও অস্ত্রোপচারের পর আমাকে অনেক কিছু মেনে চলতে হবে। আমি আশাবাদী এবং আন্তরিকভাবে আপনাদের সমস্ত ভালবাসা, উদ্বেগ এবং শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"

দলের সেকেন্ড ইন কমান্ডের পোস্টে দ্রুত সুস্থতা কামনা করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যসহ একাধিক নেতাকর্মী। দ্রুত সুস্থতা কামনা করেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বোরাও।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। বাঁ চোখে গুরুতর আঘাত পান তৃণমূল সাংসদ। আমেরিকার হাসপাতালে একাধিকবার চোখে অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। অষ্টম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলেই জানালেন অভিষেক।
I want to extend my heartfelt thanks to everyone for their kind wishes following my recent eye surgery. Since the road accident in 2016, I have faced ongoing challenges with my vision and this was my eighth surgery. I am glad to share that the procedure went well and I am doing… pic.twitter.com/G317Ega1ec
— Abhishek Banerjee (@abhishekaitc) October 21, 2024
গত জুনেই সংগঠন থেকে ছোট্ট বিরতি নেওয়ার ঘোষণা করেন অভিষেক। রাজনীতিতে বহু জল্পনা তৈরি হলেও চিকিৎসার জন্যই বিরতি নিচ্ছেন বলে জানান তিনি। আরজি কর ইস্যু ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে জল বহুদূর গড়ালে সক্রিয় রাজনীতির ময়দানে দেখাই যায়নি অভিষেককে। সেনাপতিকে সক্রিয়ভাবে দেখতে চেয়ে দাবি ওঠে তৃণমূলের অন্দরেই।












Click it and Unblock the Notifications