ইউক্রেন-রাশিয়া সঙ্কট আরও গভীর হল? বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বীকৃতি দিয়ে বসলেন ভ্লাদিমির পুতিন
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত আরও চরম পর্যায়ে পৌঁছে গেল। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তা থেকে আপাতদৃষ্টিতে এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কারণ এদিন রাশিয়ার মদতপুষ্ট পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের নেতৃত্বকে স্বীকৃতি দিলেন পুতিন। তিনি একই সঙ্গে ওই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন বলে একতরফাভাবে ঘোষণা করে দিলেন। আর এই ঘোষণার মধ্য দিয়েই ইউক্রেন-রাশিয়া সংঘাত এক নতুন উচ্চতায় পৌঁছে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

পুতিনের এদিনের সিদ্ধান্ত পাশ্চাত্য দুনিয়ায় নতুন করে হইচই ফেলে দিতে চলেছে। কারণ ইতিমধ্যে হামলা এবং যুদ্ধের ভ্রুকুটি দেখা যাচ্ছে। যদিও ইউক্রেনের উপরে হামলার বিষয়টি বারবার রাশিয়া অস্বীকার করেছে।
তবে ঘটনা হল, এদিন পুতিনের ঘোষণার পরে রাশিয়া ওই অঞ্চল দিয়ে সেনা এবং অস্ত্র পাচার করতে পারবে। গত কয়েক বছর এই অঞ্চলে অশান্তি কিছুটা কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তা ফের বড় আকার নিয়েছে।
এদিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তাঁর সরাসরি অভিযোগ, সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে রাশিয়ার প্রতি ইউক্রেনের মনোভাব বদলে গিয়েছে। শুধু তারা রাশিয়ার কাছ থেকে সুবিধা নিতে চান এবং এই নিয়ে তাদের কোনও সংকোচ নেই।
জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে পুতিন তাঁর নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। মস্কোর ইউক্রেন অভিযানের কথা বারবার অস্বীকার করা হলেও সীমান্ত এলাকায় রাশিয়ার সৈন্য মোতায়েন কোনওভাবেই আশঙ্কাকে দূর করতে পারছে না।
পুতিন যে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং অঞ্চলকে স্বীকৃতি দিয়েছেন তা ফ্রান্স এবং জার্মানিকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিবাদ কমাতে ফ্রান্স এবং জার্মানি মধ্যস্থতা করছে। তবে তা কতটা ফলদায়ী হবে তা নিয়ে এখন আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই সিদ্ধান্ত মেনে নেওয়া তাদের পক্ষে সহজ হবে না।
এদিন পুতিন ইউক্রেন নিয়ে একাধিক অভিযোগ করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতির অভিযোগ, আধুনিক ইউক্রেন রাশিয়ার হাত ধরে তৈরি হয়েছে। অথচ এই ইউক্রেনই এখন রাশিয়াকে মান্যতা দিতে চাইছে না। প্রতিবেশী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে হাত মিলিয়েছে এবং তাদের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। ইউক্রেনে নিও নাৎসির আবির্ভাব হয়েছে বলেও এদিন ভ্লাদিমির পুতিন সরাসরি অভিযোগ করেছেন।












Click it and Unblock the Notifications