জর্জ ফ্লয়েড হত্যার ক্ষোভ এবার গিয়ে পড়ল কলম্বাসের উপর! উত্তাল আমেরিকায় ভাঙল তিনটি মূর্তি
জর্জ ফ্লয়েডের মৃত্যু পরই যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল হয় বিভিন্ন শহর ও অঙ্গরাজ্য। এই আবহে ধারাবাহিক ভাবে বিভিন্ন মূর্তি ধ্বংস ও ভাঙা হয়। কয়েকদিন আগে মহাত্মা গান্ধীর মূর্তির উপরও গিয়ে রোষ গিয়ে পড়ে। পাশাপাশি আমেরিকার কনফেডারেট জেনারেলদের মূর্তিও ভাঙা হয় বিভিন্ন জায়গায়।

মার্কিন বিক্ষোভকারীদের রেষ গিয়ে পড়ল কলম্বাসের মূর্তির উপর
এবার মার্কিন বিক্ষোভকারীদের রেষ গিয়ে পড়ল ক্রিস্টোফার কলম্বাসের মূর্তির উপর। ভার্জিনিয়া ও বোস্টনে কলম্বাসের দুই মূর্তির মাথা মূর্তি থেকে আলাদা করা হয়েছে। এছাড়া মিনেসোটায় ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে থেকে ফেলে দেওয়া হয় কলম্বাসের আরও একটি মূর্তি। বিক্ষোভকারীদের অভিযোগ, কলম্বাস হলেন গণহত্যার প্রতীক। তিনি আমেরিকার আদি বাসিন্দাদের নির্বিচারে হত্যা করেছিলেন।

ফ্লয়েডের হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ চলছে
জর্জ ফ্লয়েডের হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ চলছে। সেই ক্ষোভ এবার আছড়ে পড়েছে কলম্বাসের মূর্তির ওপর। ভার্জিনিয়ায় মূর্তির মাথা ভেঙে বিক্ষোভকারীরা তাতে আগুন ধরিয়ে দেন। তারপর মূর্তিটি একটি লেকে ফেলে দেওয়া হয়। বোস্টনে মূর্তির মাথা ভেঙে পাশে তারই নামাঙ্কিত পার্কে ফেলে দেওয়া হয়।

মিনেসোটায় ফ্লয়েডকে দমবন্ধ করে মারেন পুলিশ অফিসার
২৫ মে মিনেসোটার মিনেপলিসে একটি দোকানের বাইরে গ্রেপ্তার করা হয় ফ্লয়েডকে। তাঁকে আক্ষরিক অর্থেই দমবন্ধ করে মারেন পুলিশ অফিসার ডেরেক শভিন। যিনি প্রায় ন'মিনিট ধরে ফ্লয়েডের গলা নিজের হাঁটু দিয়ে চেপে রেখেছিলেন। এমনকী তখনও, যখন ফ্লয়েড বার বার বলতে থাকেন, 'আমি শ্বাস নিতে পারছি না।' পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপর থেকেই আফ্রিকান-অ্যামেরিকান ও কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য সুবিচার চেয়ে আমেরিকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়।

করোনা উপেক্ষা করেই মিছিলে যোগ দেন বহু মানুষ
আমেরিকায় যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তখন সেসব উপেক্ষা করেই মিছিলে যোগ দেন বহু মানুষ। মঙ্গলবার ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে ও তাঁকে সমাহিত করতে শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই শেষকৃত্যানুষ্ঠানেও দাসত্বের যুগ আর নাগরিক অধিকার আন্দোলনের সময় থেকে কয়েকশ বছর ধরে চলে আসা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সংগ্রামের কথা স্মরণ করা হয়।












Click it and Unblock the Notifications