একদিন পরেই অবস্থান বদল শ্রীলঙ্কার, হাম্বানটোটায় প্রবেশ করতে চলেছে চিনা জাহাজ
একদিন পরেই অবস্থান বদল শ্রীলঙ্কার, হাম্বানটোটায় প্রবেশ করতে চলেছে চিনা জাহাজ
ভারত আগেই শ্রীলঙ্কাকে চিনের জাহাজ নিয়ে সতর্ক করেছিল। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছিল, শ্রীলঙ্কার বন্দরে ভিড়তে চলেছে চিনের একটি জাহাজ। যেটি মূলত মহাকাশ নিয়ে গবেষণা করছে। যদিও সেই সময় কলম্বো ভারতের দাবি অস্বীকার করেছিল। একদিন পরেই শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, চিনের একটি জাহাজ হাম্বানটোটাতে নোঙর ফেলার সম্মতি চেয়ে আবেদন করেছিল। অগাস্টেই চিনের ওই জাহাজটির হাম্বানটোটাতে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা প্রশাসন জানিয়েছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল নলিন হেরাথ বলেন, জাহাজটি ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত হাম্বানটোটা বন্দরে থাকবে। মূলত জ্বালানি ভরার জন্য শ্রীলঙ্কার বন্দরে চিনের জাহাজটি অবস্থান করবে। ভারত উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রথম এই জাহাজের অস্তিত্বের টের পায়। একদিন আগেই এই জাহাজের অস্তিত্বের কথা শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রক কেন অস্বীকার করেছিল, সেই বিষয়ে কোনও ব্যাখ্যা হেরাথ দেননি। তিনি বলেন, এই ধরনের জাহাজগুলো প্রায়ই ভারত, চিন, জাপান, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশ থেকে আসে। জ্বালানি ভরে চলে যায়। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।

ভারতের তীব্র প্রতিক্রিয়া
আগেও শ্রীলঙ্কা চিনকে তাদের জাহাজ নিজেদের বন্দরে অবস্থান করার অনুমতি দিয়েছে। চিনের একাধিক জাহাজ ভারত মহাসাগরে নজরদারির জন্য শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করেছে। এই বিষয়ে ভারত একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে ২০১৪ সালে চিনের পরমাণু চালিত সাবমেরিন চ্যাংজে ২কে শ্রীলঙ্কা তাদের বন্দরে অবস্থান করার অনুমতি দেয়। তারপর থেকে ভারত শ্রীলঙ্কার বন্দরে চিনের জাহাজের অবস্থানকে গুরুত্ব সহকারে দেখে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, 'আমরা স্পষট ভাষায় জানিয়ে দিতে চাই ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের ওপর প্রভাব পড়ে এমন কোনও উন্নয়নকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।' চিনের কাছে ভারত এই বার্তা পৌঁছে দিতে চায়। যদিও চিনের তরফে জানানো হয়েছে, জাহাজটি শুরু মহাকাশ গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে চিনের সামরিক বিভাগের কোনও যোগ নেই।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শ্রীলঙ্কার দাবি
কলম্বো ভিত্তিক সংস্থা বিআরআইএসএল (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শ্রীলঙ্কা) ভারতের দাবি স্বীকার করে। বিআরআইএসএল ওয়েবসাইটে জানানো হয়েছে, জাহাজটির নাম ইউয়ান ওয়াং ৫। এই জাহাজটি চিনের জিয়ানইং বন্দর থেকে ১৩ জুলাই যাত্রা করেছে। তাইওয়ানের পাশ দিয়ে জাহাজটি বর্তমানে পূর্ব চিন সাগরে অবস্থান করছে। ১১ অগাস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর ফেলবে বলে মনে করা হচ্ছে। এই জাহাজটি থেকে মূলত ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে মহাকাশ গবেষণা ও উপগ্রহ নিয়ন্ত্রণ ও গবেষণার কাজ চালানো হচ্ছে। সেপ্টেম্বর পর্যন্ত জাহাজটি শ্রীলঙ্কার বন্দরে অবস্থান করবে এবং গবেষণার কাজটি চলবে। ইউয়ান ওয়াং ৫ জাহাজটি যখন হাম্বানটোটা বন্দরে প্রবেশ করবে, শ্রীলঙ্কার স্থানীয় মানুষ মহাকাশ বিকাশের একাধিক কর্মসূচি শিখতে পারবে।












Click it and Unblock the Notifications