মোদী ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি, শীর্ষ সহকারীর দাবি, শুল্ক যুদ্ধের মাঝে কেন ভেস্তে গেল বাণিজ্য চুক্তি
ভারত ও আমেরিকার বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে । দাবি উঠেছে, শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে একটি 'ফোন কল' না যাওয়ায় চুক্তিটি অধরা থেকেই গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারী ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত কূটনৈতিক মহল।
লুটনিক সম্প্রতি এক পডকাস্টে জানান, ভারত আমেরিকা চুক্তির খসড়া একেবারে প্রস্তুত ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের আগেই ভারতের সঙ্গে চুক্তি সেরে ফেলতে চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু তাঁর কথায়, "শেষ ধাপে দরকার ছিল মোদীর সরাসরি ফোন, কিন্তু সেটি আর হয়নি।" চুক্তি কার্যত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পিছিয়ে গেল।

চুক্তি ভেস্তে যাওয়ার জেরে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও টানটান। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই ভারতের উপর রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা নিয়ে বাড়তি শুল্ক চাপিয়েছে ও আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে। লুটনিকের বক্তব্যে সেই চাপ রাজনীতিরই প্রতিফলন ধরা পড়েছে।
ট্রাম্পও সম্প্রতি স্পষ্ট করেছেন, ভারত রাশিয়ার সঙ্গে জ্বালানি কেনাবেচা চালিয়ে গেলে শুল্ক আরও বাড়ানো হবে। ২০২৫ সালের অগাস্টে ভারতীয় আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল রাশিয়ার 'অর্থযন্ত্র' চালু রাখার অভিযোগে।
তবে দিল্লির অবস্থান পরিষ্কার চাপে মাথা নোয়ানো নয়। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল গত অক্টোবরে বলেছিলেন, "আমরা কোনো চুক্তি তাড়াহুড়ো করে করি না, চাপের মুখে তো নয়ই।" ভারতের মতে, রাশিয়ার সঙ্গে জ্বালানি কেনাবেচা সম্পূর্ণ বাজার ভিত্তিক ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
এদিকে মার্কিন কংগ্রেসে 'স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট ২০২৫' বিল পাস হওয়ায় পরিস্থিতি আরও জটিল। সেই আইনে ট্রাম্পকে বাধ্য করা হয়েছে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কেনা দেশগুলির উপর অন্তত ৫০০ শতাংশ শুল্ক চাপাতে। বিল কার্যকর হলে ভারতীয় রপ্তানি বড় ধাক্কা খেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দিল্লির সামনে এখন দ্বিমুখী চাপ একদিকে জ্বালানি স্বার্থ ও কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা, অন্যদিকে আমেরিকার বাণিজ্য শাস্তির ঝুঁকি এড়ানো। আর এই টানাপোড়েনের মাঝেই 'ফোন কলের' সেই ছোট্ট অনুপস্থিতি দুই গণতান্ত্রিক শক্তির মধ্যে বিশ্বাসের ফাঁটল আরও স্পষ্ট করে তুলেছে।












Click it and Unblock the Notifications