Canada Elections: প্রধানমন্ত্রী থাকছেন মার্ক কার্নি, কানাডার নির্বাচনে লিবারেল পার্টির জয়জয়কার
Canada Elections: কানাডার প্রধানমন্ত্রী থাকছেন মার্ক কার্নিই। সোমবার ফেডেরাল সরকারের নির্বাচনে জয়ী কার্নির লিবারেল পার্টি। পরাজয় স্বীকার করতে হয়েছে প্রতিপক্ষ পিয়েরে পলিয়েভেরের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টিকে। দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল পার্টিই আবারও কানাডার শাসনভার হাতে তুলে নেবে।
অটোয়ার কাছে নেপিয়ান আসন ধরে রেখেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার সংসদে ৩৪৩টি আসনের মধ্যে অধিকাংশেই জয়ের মুখ দেখেছে কার্নির লিবারেল পার্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯০টি আসনে জয়ী হয়ে গিয়েছে তারা। ১৫৫টি আসনে বিপুল মার্জিনে এগিয়েও রয়েছে কার্নির পার্টি। অন্যদিকে ৬৯টি আসনে জয়ী প্রতিপক্ষ কনজারভেটিভস। ৭৯টি আসনে এগিয়ে রয়েছেন তারা।

এমনকি কনজারভেটিভদের থেকে গত নির্বাচনে হারানো আসনও ছিনিয়ে নিয়েছে লিবারেলরা। ২০২৪ সালে একটি উপনির্বাচনে টরন্টোর সেন্ট পলস আসনটিতে হেরে যায় লিবারেলরা। ওই আসনে দাঁড়িয়ে পরাজয় স্বীকার করতে হয় খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। জয়ী হয়েছিলেন কনজারভেটিভদের ডন স্টুয়ার্ট। আর এবারের নির্বাচনে সেই আসনই ছিনিয়ে নিয়েছেন লিবারেলদের লেসলি চার্চ।
ইতিমধ্যেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, "আমি নিশ্চিত কানাডা ও আমেরিকার পারস্পারিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে মার্ক বলিষ্ঠভাবে দেশকে নেতৃত্ব দেবেন।" কানাডার সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভার ঘোষণা করে দিতে পারেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এরপরই সংসদ ডাকা হবে বলে জানান তিনি।
সোমবার কানাডায় নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন ২.৮ কোটি মানুষ। ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও কানাডাকে আমেরিকার ৫১ তম স্টেট বানানোর হুঁশিয়ারির মাঝেই ক্ষমতায় প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। গত মাসেই কার্যত ট্রাম্পের চাপে পদত্যাগ করতে বাধ্য হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বছর ষাটের মার্ক কার্নি ট্রাম্পের বাণিজ্য নীতির বিরোধিতায় ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে নিজস্ব রাজস্ব নীতিতে জোর দিয়ে এসেছেন। যদিও ট্রাম্পের দাবি, যেইই জিতুন, কিচ্ছু আসে যায় না তাঁর। বরং ট্রাম্পের দাবি, কনজারভেটিভদের তুলনায় লিবারেলদের সঙ্গেই বোঝাপড়া করা শ্রেয় ও সহজতর।












Click it and Unblock the Notifications