করোনা ভাইরাস আতঙ্কে চিনে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর সরকার
চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চাইল বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। ক্রমশই গুরুতর হয়ে চলা চিনের করোনা ভাইরাস সক্রমণ নিয়ে চিন্তিত ভারত। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে সেদেশে। তাছাড়া দেশজুড়ে প্রায় ৪৫০ মানুষকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিকে এই পরিস্থিতিতেই চিনের উহান শহরে ২৫০ ভারতীয় ছাত্র আটকে রয়েছে। ভাইরাসের সংক্রমণ আটকাতে আপাতত উহান লকডাউনে রয়েছে। তাই দেশে ফিরতে পারছে না এই ছাত্ররা।

কড়া নজরদারি বিমানবন্দরগুলিতে
জানা গিয়েছে, ২৬ জানুয়ারি পর্যন্ত ১৩৭টি উড়ানে দেশে আসা মোট ২৯,৭০৭ জন যাত্রীকে স্ক্রিন করে তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কি না তা পরীক্ষা করা হয়েছে। এদিকে ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা উহান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে।

উদ্ধারকাজের জন্যে তৈরি এয়ার ইন্ডিয়া
এদিকে, ভারতের জাতীয় ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া একটি বোয়িং ৭৪৭ বিমানকে স্ট্যান্ডবাইতে রেখে দিয়েছে। ক্যারিয়ারটি এখন ভারত সরকারের সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই চিনে থাকা ভারতীয় ছাত্র ও কর্মীদের ভারতে ফিরিয়ে নিয়ে আনবে সেটি। এদিকে দিল্লিতে মঙ্গলবার রাতে তিন জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হচ্ছে। কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালেও একজন চিনা পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
চিনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। এই প্রদেশেরই শহর হল উহান। সেখানে এই রোগে সব থেকে বেশি মানুষ আক্রান্ত। ছ কোটি মানুষের বাস এই প্রদেশে। যেখানে কমপক্ষে ২৭১৪ জনের নির্দিষ্টভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চিনে মোট ৪১৯৩ জন আক্রান্ত হয়েছেন নোবেল করোনা ভাইরাসে। বলা হচ্ছে সোমবার যেখানে মৃতের সংখ্যা ছিল ৮২, সেখানে মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১০৬। অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ২৩ শতাংশ। অন্যদিকে এই একই সময়ে আক্রান্তের সংখ্যা ২৮৮৭ থেকে বেড়ে হয়েছে ৪১৯৩। অর্থাৎ বৃদ্ধির সংখ্যা ৩১ শতাংশ।












Click it and Unblock the Notifications