Earthquake in Bangladesh: রাজধানী ঢাকা-সহ বাংলাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প! কম্পন অনুভূত উত্তরবঙ্গেও
Earthquake in Bangladesh: বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় এদিন সকালে ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৫.৮ বলে জানা গিয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৯.৩৫-এ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা বলে জানা গিয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিমি দক্ষিণ পশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আট কিমি উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিমি। বাংলাদেশের আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৮৬ কিমি দূরে কুমিল্লায়। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরবঙ্গ ও ত্রিপুরাতেও।

বাংলাদেশের রাজধানী ঢাকার বাইরে খুলনা, রায়পুরা, ভোলা, কোটালিপাড়া, চট্টগ্রাম, দেবীদ্বার, ঝালকাঠি, বরগুনাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এইসব এলাকা থেকে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এই বছরেই বাংলাদেশে অন্তত ১০ টি ভূমিকম্প হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ভারতের অসমে ৪.৪ মাত্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশের উত্তরের কয়েকটি জেলা। গত ১৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভারতের উত্তর-পূর্বের মেঘালয়ে হওয়া ৩.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশের উত্তর-পূর্বের সিলেট জেলাও।
ভারতের মেঘালয়ে ভূমিকম্পের কারণে বাংলাদেশের সিলেটে ভূমিকম্প হয় গত ১৪ ও ২৯ অগাস্ট। গত ৩০ এপ্রিল বাংলাদেশের চট্টগ্রামে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এইসব ভূমিকম্পে সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিন সকালে ভারতের লাদাখেও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। লাদাখ এলাকা পড়ে সিসমিক জোন ফোর-এর আওতায়। সেই জায়গাগুলিতে সবসময়ই কম্পনের ঝুঁকি রয়েছে।












Click it and Unblock the Notifications