ডেল্টা ভয়ে ত্রস্ত ব্রিটেন, সংক্রমণ রোধে বাড়তে পারে বিধিনিষেধ! ইঙ্গিত বরিসের
ডেল্টা ভয়ে ত্রস্ত ব্রিটেন, সংক্রমণ রোধে বাড়তে পারে বিধিনিষেধ! ইঙ্গিত বরিসের
বর্তমানে ভারতে করোনা উদ্বেগ বেশ খানিকটা কমলেও এখনও বিশ্বব্যাপী আতঙ্কের বাতাবরণ তৈরি করে রেখেছে করোনা ভাইরাসের ডেল্টা বা বি.১.৬১৭.২ স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে গত মাসেই এটিকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয়েছে। এবার করোনার এই ভারতীয় প্রজাতি ডেল্টা স্ট্রেন নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে।

ডেল্টা ভয় এবার ব্রিটেনেও
প্রসঙ্গত উল্লেখ্য, করোনার আলফা ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি শক্তিশালী এই ডেল্টা স্ট্রেন। সরকারি গবেষণা বলছে, ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পিছনে এই সংক্রামক ভ্যারিয়েন্ট দায়ীই। যার উৎপত্তিস্থল ভারত। বর্তমানে বিশ্বের ৫০টির বেশি দেশে ডেল্টার পা পড়েছে বলে জানা যাচ্ছে। আর তার জেরেই ইংল্যান্ডে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী জনসন।

আদৌও কী উঠবে বিধিনিষেধ ?
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে করোনা গ্রাফ নামতে থাকায় অবশেষে কোভিড বিধি তুলে নেওয়ার পক্ষেই হাঁটতে থাকে ব্রিটিশ প্রশাসন। এমনকী ২১ জুন থেকে সাধারণ মানুষের যত্রতত্র বিচরণেও কোনও বাধা থাকবে না বলে শোনা যাচ্ছিল। কিন্তু বর্তমানে ফের উদ্বেগ বাড়াতে শুরু করেছে কোভিডের ডেল্টা স্ট্রেন। আর তাতেই চিন্তায় পড়েছে ব্রিটিশ প্রশাসন।

১৯ জুলাই পর্যন্ত জারি থাকতে পারে বিধিনিষেধ
সূত্রের খবর, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে লকডাউন তোলার ক্ষেত্রে রীতিমতো ভাবনা চিন্তা শুরু করেছে বরিস প্রশাসন। এমনকী প্রয়োজনে লকডাউনের বিধিনিষেধ আরও ১ মাস পর্যন্ত বাড়ানোও হতে পারে। ২১ জুনের পরিবর্তে ব্রিটেনে করোনা বিধি নিষেধ উঠতে পারে ১৯ জুলাই। কানাঘুষো শোনা যাচ্ছে এমনটাও। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

কী বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ?
এদিকে ডেল্টা প্রসঙ্গে রীতিমতো উদ্বেগের সুরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, " এটা সত্যি যে ভারতে যে ভেরিয়্যান্টের খোঁজ প্রথম পাওয়া গিয়েছিল তা অনেক বেশি সংক্রামক। এমনকী বর্তমানে আমাদের দেশের হাসপাতালেও এই স্ট্রেনে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা এই মূহূর্তে জানিনা কোন উপায়ে এই সংক্রমণ সহজ রোধ করা সম্ভব, কী ভাবেই বা কমানো যাবে মৃত্যুহার। তবে স্পষ্টতই এটি গুরুতর উদ্বেগের বিষয়।"












Click it and Unblock the Notifications