ওয়াইএসআর-টিডিপির অনাস্থা প্রস্তাব! সংসদ অশান্ত হওয়ার আশঙ্কা
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। সোমবার সংসদ বসার সঙ্গে সঙ্গে অনাস্থা প্রস্তাব গ্রহণের জনায চাপ দেবে অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টি।
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। সোমবার সংসদ বসার সঙ্গে সঙ্গে অনাস্থা প্রস্তাব গ্রহণের জনায চাপ দেবে অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক দল ওয়াইএসআর কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টি। আপাতত অনাস্থা প্রস্তাব নিয়ে অচলাবস্থা কাটার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না।

ওয়াইএসআর কংগ্রেসের তরফে ওয়াইভি সুব্বা রেড্ডি তাঁদের দেওয়া নোটিশ নিয়ে লোকসভা সেক্রেটারিয়েটের কাছে চিঠি লিখেছেন। যাতে সেটি সোমবারের কার্যপ্রণালীতে অন্তর্ভুক্ত হয়। একইসঙ্গে টিডিপিও অনাস্থা প্রস্তাব আনছে। কংগ্রেস, বাম, তৃণমূল এবং আরজেডি এই অনাস্থা প্রস্তাবে সমর্থন জানিয়েছে।
অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থার কথা জানিয়েছিল ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি। মোদী সরকারের বিরুদ্ধে এটাই বিপক্ষের প্রথম অনাস্থা প্রস্তাব। সপ্তাহের প্রথম কাজের দিনে বিষয়টি নিয়ে হইচই বাধার প্রবল সম্ভাবনাও রয়ে গিয়েছে।
গত সপ্তাহে দলগুলির তরফে অনাস্থা জমা দেওয়া হলেও, তা গ্রহণ করা হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্তকুমার জানিয়েছিলেন, হাউস অর্ডারে না থাকায় তা গ্রহণ করা যায়নি। স্পিকার অনাস্থা প্রস্তাব গ্রহণ না করায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিভিন্ন দলের সদস্যরা।
সেই সময় তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং এআইএডিএমকে সরকারের পাশে দাঁড়িয়েছিল। যদিও সোমবার এই অনাস্থা গ্রহণ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে।
বাজেট সেশনের দ্বিতীয় দফা শুরু হওয়ার পর দুই সপ্তাহ ধরে সংসদের কাজকর্ম ব্যাহত হয়েছে। অর্থ বিল এবং বিভিন্ন বিল কোনও আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে।
অন্ধ্রপ্রদেশের দুই রাজনৈতিক দলই তাদের অনাস্থা সমর্থনের জন্য বিভিন্ন বিরোধী দলের কাছে আবেদন জানিয়েছে। কেননা অনাস্থা প্রস্তাব সমর্থনের জন্য ৫০ জন করে সাংসদের সমর্থন থাকা জরুরি। অন্যদিকে সরকার পক্ষও অনাস্থা প্রস্তাবের বিপক্ষে জয়ী হওয়ার পক্ষে যথেষ্টই আশাবাদী। কেননা লোকসভার সদল্য সংখ্যা নিরিখেই তারা জয়ী হবেন।
৫৪৫ আসন বিশিষ্ট লোকসভায় এখন সদস্য সংখ্যা ৫৩৯। শাসক বিজেপির সদস্য সংখ্যা ২৭৪। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি সমর্থনকারী দলও। যেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ২৭০ সদস্যের প্রয়োজন।












Click it and Unblock the Notifications