উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরেছেন গেরুয়াধারী, মন্ত্রিসভায় যোগীর সঙ্গী নির্বাচনে হিমশিম খাচ্ছে বিজেপি
উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরেছেন গেরুয়াধারী, মন্ত্রিসভায় যোগীর সঙ্গী নির্বাচনে হিমশিম খাচ্ছে বিজেপি
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। গত ১০ মার্চ জনতার রায়ে স্পষ্ট হয়ে গিয়েছে, আরও পাঁচ বছর রাজ্যে চলবে যোগীশাসন। কিন্তু আগামী পাঁচ বছরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গী হবেন কারা? মন্ত্রিসভায় কাকে রাখা হবে, কোন দায়িত্ব দেওয়া হবে, সেই নিয়েই চিন্তায় পড়েছে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি।

সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে বিজেপির সদর দফতরে রুদ্ধদ্বার বৈঠক চলছে। সেই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হোলির পরেই নয়া মন্ত্রিসভা গঠিত হবে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে দিল্লির বৈঠকটিতে যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত রয়েছেন দলের জাতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা, প্রবীণ নেতা বিএল সন্তোষ, উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্রদেব সিং, বিদায়ী উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা ও অন্যান্যরা। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম নেতা অমিত শাহ এই বৈঠকে উপস্থিত নেই বলেই জানা গিয়েছে।
সংবাদমাধ্যমের খবর, এবার রাজ্যপাট সামলাতে উপমুখ্যমন্ত্রীদের সাহায্য পাবেন যোগী। নয়া মন্ত্রিসভায় তিনজন উপমুখ্যমন্ত্রী থাকবেন। নতুন সরকারে বিভিন্ন জাতি এবং নানা ধর্মের প্রতিনিধিদের রাখার কথা ভাবছে বিজেপি৷ আর মাত্র দু'বছর বাদে দেশে লোকসভা নির্বাচন। তার আগে যাতে সমস্ত জাতির প্রতিনিধিরা মন্ত্রিসভায় স্থান পান, তার চেষ্টাই করছে গেরুয়া শিবির। রাজ্যের উপ মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে সবার আগে রয়েছেন বেবি রানী মৌর্য, কেশব প্রসাদ মৌর্য এবং ব্রীজেশ পাঠক।
প্রসঙ্গত, এই তিনজনের মধ্যে বেবি রানী মৌর্য দলিত সম্প্রদায়ের প্রতিনিধি। বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডের রাজ্যপালের দায়িত্বও সামলােচ্ছেন তিনি। তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হলে দলিতদের সন্তুষ্ট রাখতে পারবে গেরুয়া শিবির। দ্বিতীয়জন অবশ্যই কেশব প্রসাদ। তিনি বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রতিনিধির কাছে হেরে গিয়েছেন ঠিকই। তবে উপনির্বাচনে তাঁকে জিতিয়ে আনতে পারে বিজেপি। দলের অন্যতম ওবিসি মুখ কেশব৷ ব্রীজেশ পাঠক আবার ব্রাহ্মণ নেতা বলে পরিচিত দলের অন্দরে। লখনৌ ক্যান্টনমেন্ট থেকে বড়সড় মার্জিনে জিতেছেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, দল আগামী মন্ত্রিসভায় বড়সড় দায়িত্ব দিতে পারে তাঁকে।












Click it and Unblock the Notifications