Deepotsav In Ayodhya: অযোধ্যায় দীপোৎসবের সূচনা যোগীর, সরযূর ধার সাজল ২৫ লক্ষের বেশি প্রদীপে
Deepotsav In Ayodhya: রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম অযোধ্যায় দীপোৎসবের সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে টানা ৮ বছর দীপোৎসব হচ্ছে অযোধ্যায়।
সরযূ নদীর ধারে ২৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হলো। ছিল আলোকসজ্জা ও লেজার শো। বিশেষ অনুষ্ঠানে উপস্থাপিত হলো রামলীলা।

যোগী আদিত্যনাথ বলেন, যখন আট বছর আগে দীপোৎসবের সূচনা করেছিলাম তখন অযোধ্য়ার মানুষ অনুরোধ করেছিলেন রাম মন্দির তৈরির জন্য। সেই সময় বলেছিলাম, শ্রীরামচন্দ্র আমাদের শীঘ্রই আশীর্বাদ করবেন। ২০২০ সালে ৫ অগাস্ট কোভিড পরিস্থিতির মধ্যেও অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির উল্লেখ করে রাম মন্দিরের স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন যোগী। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। পর্যটনের অ্যাপ ও অযোধ্যার মেয়রের লেখা একটি বইয়েরও প্রকাশ করেন তাঁরা।
যোগী বলেন, অযোধ্যা, কাশী আজ স্বমহিমায় উজ্জ্বল। গোটা বিশ্ব বদলে যাওয়া কাশীকে দেখছে। আজ যে এত প্রদীপ জ্বালানো হয়েছে তা শুধু প্রদীপ বা দিয়া নয়, এটা হলো সনাতন ধর্মের প্রতি বিশ্বাস। শ্রী রামচন্দ্রের আশীর্বাদ নিশ্চিতভাবেই সকলের উপর বর্ষিত হবে।
উত্তরপ্রদেশের উন্নয়নের কথা তুলে ধরে যোগী বলেন, এখানে ডাবল ইঞ্জিন সরকার। ২০১৭ সালের আগে অযোধ্যায় বিদ্যুৎ ছিল না। যাঁরা রামকে অবহেলা করেছেন, শ্রী রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁরা আসলে সনাতন ধর্মের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁরা রাজ্যবাসীকেও অবহেলা করে ঐতিহ্যকে অস্বীকার করেছেন।
এদিন যোগী আদিত্যনাথ প্রথমে রাম মন্দিরে গিয়ে পুজো দেন, মন্দির চত্ত্বরেও প্রদীপ জ্বালান। সঙ্গে ছিলেন গজেন্দ্র সিং শেখাওয়াত, উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। পরে তাঁরা যান সরযূ ঘাটে। শহরের নানা জায়গায় শ্রী রামচন্দ্রের মাহাত্ম্য বর্ণণাকারী গান বাজানো হয়েছে। শহরকে সাজানো হয়েছে আলো দিয়ে। সরযূ ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে উপস্থাপিত হয়েছে রামলীলা।












Click it and Unblock the Notifications